পরিচ্ছন্নতাকর্মীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ
চলতি বছরের মে মাসে সরকার ঢাকা উত্তর সিটি করপোরেশনের নিয়মিত ও অনিয়মিত পরিচ্ছন্নতাকর্মীদের দৈনিক বেতন বাড়ায়। এই বেতন বাড়ানোকে কেন্দ্র করে স্ক্যাভেঞ্জাস ইউনিয়নের নেতারা পরিচ্ছন্নতাকর্মীদের কাছ থেকে চাঁদা তুলছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, ঢাকার দুই সিটি করপোরেশনের নিজস্ব আট হাজার পরিচ্ছন্নতাকর্মী রয়েছেন। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) রয়েছেন ২ হাজার ৭০০ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে রয়েছেন ৫ হাজার ৩০০ জন। আগে এসব পরিচ্ছন্নতাকর্মীর দৈনিক মজুরি ছিল ২৬৫ টাকা। চলতি বছরের মে মাসে সরকার নিয়মিত শ্রমিকদের বেতন ৫০০ টাকা এবং অনিয়মিত শ্রমিকদের বেতন ৪৭৫ টাকা নির্ধারণ করে। চলতি মাসে দুই সিটি করপোরেশনের শ্রমিকেরা বর্ধিত বেতন পেয়েছেন।
স্ক্যাভেঞ্জাস নেতারা ইউনিয়ন পরিচালনার নামে পরিচ্ছন্নতাকর্মীদের কাছ থেকে দুই হাজার টাকা করে আদায় করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন বিপন কুমার সাহা জানান, পরিচ্ছন্নতাকর্মীদের কাছ থেকে নেতাদের জোর করে টাকা ওঠানোর অভিযোগ পাওয়া গেছে। কেউ টাকা তুলে থাকলে সেগুলো ফেরত দিতে বলা হয়েছে।
জানা যায়, গত মাসের শেষের দিকে পরিচ্ছন্নতাকর্মীদের টাকা তোলা শুরু হয়। ঈদের সময় দুই মেয়র দেশের বাইরে অবস্থানের সুযোগকে কাজে লাগিয়েছেন স্ক্যাভেঞ্জাস ইউনিয়নের নেতারা। অবশ্য দুই মেয়র দেশে ফিরে নেতাদের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। কেউ কোনো টাকা নিয়ে থাকলে সেসব ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন।
জানতে চাইলে ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক বলেন, ইউনিয়নের নেতাদের পরিচ্ছন্নতাকর্মীদের কাছ থেকে নেওয়া টাকা ৪৮ ঘণ্টার মধ্যে ফেরত দিতে বলা হয়েছে। অনেকের টাকা ফেরতও দেওয়া হয়েছে। তদন্ত কমিটি করা হয়েছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে কথা বলতে ডিএনসিসির স্ক্যাভেঞ্জাস ইউনিয়নের সভাপতি আবুল কালামের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। তাঁর মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি।
জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের কাছ থেকেও একইভাবে চাঁদা আদায় করা হয়েছে।