পরিচ্ছন্নতাকর্মীদের ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা মেয়র আতিকের
রাজধানীর বারিধারা এলাকার একটি ব্যস্ত রাস্তা। সেখানে নালা পরিষ্কারের কাজ করছিলেন পরিচ্ছন্নতাকর্মীরা। হঠাৎ সেখানে হাজির হলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। গাড়ি থামিয়ে ফুল দিয়ে পরিচ্ছন্নতাকর্মীদের বসন্ত ও ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানান তিনি। এরপর তাঁদের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন মেয়র।
বিশ্ব ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুনে পরিচ্ছন্নতাকর্মীদের এভাবেই চমকে দেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। আজ সোমবার সকালে বারিধারা এলাকায় শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পাশাপাশি নালা পরিষ্কার কার্যক্রম পরিদর্শন করেন মেয়র।
বসন্ত ও বিশ্ব ভালোবাসা দিবসে নগরবাসীর প্রতি শহরটাকে ভালোবাসার আহ্বান জানান মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘আসুন আমরা প্রিয়জনকে যেভাবে ভালোবাসি, ঠিক সেভাবেই আমাদের এই শহরকেও ভালোবাসি। প্রিয়জনদের যেমন সব সময় ভালোভাবে সাজিয়ে-গুছিয়ে রাখতে পছন্দ করি, তেমনি এই শহরকেও সাজিয়ে-গুছিয়ে রাখি। এ জন্য সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।’
এ সময় আতিকুল ইসলাম বলেন, ‘নালায় এমন সব ময়লা-আবর্জনা ফেলা হয়, যা পুরো নালাকেই অকেজো করে ফেলে। তাই আমাদের সবাইকে সচেতন হতে হবে। মনে রাখতে হবে, নালা কখনো বর্জ্য ফেলার জায়গা (ডাস্টবিন) নয়। নালা পানিনিষ্কাশনের পথ। ময়লা-আবর্জনা ফেলে এই নালাকে কোনো অবস্থাতেই ভরাট করা যাবে না।’
মেয়রের পরিদর্শনকালে পরিচ্ছন্নতাকর্মীরা নালায় ফেলে দেওয়া একটি কাঁথা উদ্ধার করেন। এ সময় আতিকুল ইসলাম বলেন, ‘ভালোবাসা দিবসে আমরা নিজেদের ভালোবাসার ও পছন্দের মানুষকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু সেই আমরাই নালার মধ্যে কাঁথা ফেলছি। নালাকে ডাস্টবিন বানাচ্ছি আমরা। এতে কি শহরের প্রতি আমাদের ভালোবাসা প্রকাশ পায়?’
মেয়রের কাছ থেকে ফুল ও মিষ্টি পেয়ে পরিচ্ছন্নতাকর্মীরাও খুশি হন।