পরিচ্ছন্নতাকর্মীদের শপথ করালেন মেয়র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনিসুল হক
আনিসুল হক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, ‘আমাদের প্রতিজ্ঞা ঢাকাকে আমরা পরিষ্কার রাখব, সবুজ করব। সবুজ ও পরিচ্ছন্ন ঢাকা একা করা সম্ভব নয়। এটা সবাই মিলে করতে হবে।’
গতকাল শুক্রবার মিরপুর ১০ নম্বরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৪-এর কার্যালয় চত্বরে এক পরিচ্ছন্নতা সমাবেশে আনিসুল হক এসব কথা বলেন। কোরবানির ঈদে ঢাকাকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে ডিএনসিসি এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশ উপলক্ষে সকালে রোদ থেকে ছায়া দিতে শামিয়ানা টানানো হয়। কিন্তু বিকেলে সমাবেশ অনুষ্ঠান শুরুর আগেই নামে ঝুমবৃষ্টি। অতিথিদের সংক্ষিপ্ত বক্তব্যে শেষ হয়ে যায় পুরো সমাবেশ।
মেয়র বলেন, বাজার, দোকানপাট, স্কুল-কলেজের ময়লা-আবর্জনায় সিটি করপোরেশনের ১ হাজার ২০০ কিলোমিটার ড্রেনের মধ্যে ৮০০ কিলোমিটারই বন্ধ হয়ে গেছে। বাজার, দোকানপাটের মালিকদের ময়লা ফেলার জন্য নির্ধারিত পাত্র ব্যবহার করতে হবে। দুই-এক মাস সময় বেঁধে দেওয়া হবে, এর মধ্যে তা ব্যবহার করতে হবে। ঢাকা-১৬ আসনের সাংসদ মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ জলাবদ্ধতাকে নিজের এলাকার প্রধান সমস্যা বলে চিহ্নিত করেন। তিনি বলেন, ‘সামান্য বৃষ্টিতেই নতুন কালশী রোড পানিতে ডুবে যায়। হাউজিংয়ের সম্পত্তি এলাকার মধ্য দিয়ে যে নকশা করা হয়েছে, সে পর্যন্ত খাল হয়েছে, এরপরে আর খাল হয়নি। খাল না হওয়া পর্যন্ত জলাবদ্ধতা কমবে না।’ এলাকার প্রভাবশালী ব্যক্তিরাই খাল দখল করছেন বলে মন্তব্য করেন মেয়র আনিসুল হক। তিনি ইলিয়াস মোল্লাহকে উদ্দেশ করে বলেন, ‘প্রতাপশালীরা খাল দখল করে বাড়ি করে ফেলেন। আপনি নিশ্চয়তা দেন, আপনার এলাকায় কোনো জমি জবরদখল হবে না, ড্রেনের সামনে বাড়ি তুলে দেবে না, ড্রেন বন্ধ করে দেবে না।’ স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক বলেন, সিটি করপোরেশনকে দুই ভাগে ভাগ করার পরে প্রশাসকেরা কাজ করলেও এখন ভিন্ন প্রেক্ষাপট। নির্বাচিত জনপ্রতিনিধিরা এসেছেন। প্রধানমন্ত্রী দুই সিটি করপোরেশনের জন্য বিপুল অর্থ বরাদ্দ দিয়েছেন। সবার মিলিত চেষ্টায় পরিষ্কার, পরিচ্ছন্ন ও আধুনিক এক নগরী হবে ঢাকা।
সমাবেশে ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মী, ওয়ার্ড কাউন্সিলররা, সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সমাবেশে মেয়র পরিচ্ছন্নতাকর্মীদের হাত তুলে ‘ঈদুল আজহায় ঢাকাকে পরিচ্ছন্ন রাখায় সর্বোচ্চ চেষ্টা করব’ বলে প্রতিজ্ঞা করান।