পরিচ্ছন্নতার আহ্বানে 'প্রাণসখা ঢাকা'

পরিচ্ছন্ন ঢাকার গড়ার আহ্বান, প্রত্যয়। কখনো নাচ-গান-আবৃত্তি, কখনো শিশু-কিশোরদের চিত্রাঙ্কন—সুন্দর নগরীর জন্য ভালোবাসার প্রকাশ। নানা রূপে, নানা ভঙ্গিতে। ‘ভালোবাসা দিবস’ প্রাণবন্ত হয়ে উঠেছিল দিনভর এমনই বর্ণিল আয়োজনে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে গতকাল রোববার শাহবাগ চত্বরের এই আয়োজনের নাম ছিল ‘প্রাণসখা ঢাকা’। সহযোগিতায় ছিল বিজ্ঞাপনী সংস্থা মাত্রা এবং চ্যানেল আই।
সকাল ১০টার কিছুক্ষণ পরে অনুষ্ঠান শুরু হয় ‘আমরা সবাই চড়ুই পাখি এই শহরে বাসা, ইট-পাথরের নগর জীবন আবর্জনায় ঠাসা’—‘জলের গান’-এর এই গান দিয়ে। সঙ্গে প্রতীকী নাটিকা। এরপরই মঞ্চে আসেন বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্বরা।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের “আমরা সবাই রাজা”র মতো “আমরা সবাই মেয়র”। শহরের বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা একজন মেয়র বা তাঁর লোকদের নিয়ে সমাধান সম্ভব নয়। আমি প্রতিটি নাগরিককে একজন মেয়র হিসেবে দেখতে চাই। শুধু ঢাকার রাস্তাঘাট নয়, ভাবনার জগৎ, চিন্তার জগৎ, আদর্শের জগৎকেও পরিচ্ছন্ন রাখতে চাই।’

মেয়রের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে উপস্থিত দর্শকেরা বলেন, ‘হরেক রকম কষ্ট থাকুক, কষ্ট করে বলব, তবু ঢাকা, আমার প্রাণসখা ঢাকা।’
মঞ্চে দাঁড়ানো সবার মুখেই ছিল পরিচ্ছন্ন ঢাকার আকাঙ্ক্ষার কথা। লেখক সৈয়দ শামসুল হক বলেন, ‘অনেকে বলেন, সীমানা নির্ধারণের জন্য ঢাক বাজাতে বাজাতে হয়েছে ঢাকা শহর। অনেকে বলেন, ঢাকেশ্বরী দেবীর নামের কারণে ঢাকা শহর। আমি মনে করি, আমাদের ভালোবাসা দিয়ে ঢাকা বলেই এই শহরের নাম ঢাকা। এই শহর পরিষ্কার করলেই ৪০০ বছর আগের ঢাকাকে আমরা ফিরে পাব।’
অধ্যাপক ইনামুল হক বলেন, শহরকে, দেশকে পরিচ্ছন্ন ও সংস্কৃতিময় করার অঙ্গীকার পূরণ করার সময় এসেছে।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘এই দিনে আমরা ঐতিহাসিক নগরী ঢাকাকে ভালো রাখতে চাই।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য নাসরীন আহমেদ বলেন, ‘ঢাকাকে ভালোবাসি বলে আমরা সবাই চাই ঢাকা ভালো থাকুক, সুস্থ থাকুক পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুক।’ সামিট গ্রুপের ভাইস চেয়ারম্যান ফরিদ খান বলেন, ‘যেভাবে আমরা নিজেকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি, ঢাকাকেও সেভাবেই রাখতে হবে।’
চ্যানেল আইয়ের পরিচালক (বার্তা) শাইখ সিরাজ বলেন, শহর পরিচ্ছন্ন রাখার বিষয়কে বাধ্যতামূলক করা উচিত। রাষ্ট্রের এমন নীতিমালা থাকা প্রয়োজন।
মাত্রার ব্যবস্থাপনা পরিচালক আফজাল হোসেন বলেন, ঢাকা কোটি বছর বেঁচে থাকুক তার অহংকার নিয়ে।

শুভেচ্ছা বক্তব্যের পরেই একে একে পরিবেশিত হয় নৃত্য, সংগীত আর আবৃত্তি। প্রথমেই তুষার ও তার দলের নৃত্যানুষ্ঠান। রবীন্দ্রসংগীত পরিবেশন করেন রেজওয়ানা চৌধুরী বন্যা। সমবেত কণ্ঠে পরিবেশিত হয় ‘দুর্গমগিরি কান্তার মরু’। এর পরেই মঞ্চে আসেন শিল্পী আরিফ ও মম। ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’, ‘চুমকি চলেছে একা পথে’, ‘আমার গরুর গাড়িতে’ গানগুলো পরিবেশিত হয়। দিনভর অনুষ্ঠানে মঞ্চে আসেন জেমস, শিরোনামহীন। অনুষ্ঠানে আসা দর্শক ছাড়াও ভালোবাসা দিবসে ছাত্র-শিক্ষক কেন্দ্র ও চারুকলা অনুষদে আসা ছাত্রছাত্রীদের ভিড় জমে পুরো এলাকায়। অনুষ্ঠানে ছিল ঢাকা নিয়ে দর্শকদের মন্তব্য লেখার আলাদা বোর্ড। ছিল পুরান ও নতুন ঢাকার ওপর আলোকচিত্র প্রদর্শনী। জাতীয় জাদুঘর প্রাঙ্গণে আয়োজন করা হয় ‘ঢাকা রংতুলিতে আঁকা’ শিরোনামে শত শিশু-কিশোরের চিত্রাঙ্কন প্রতিযোগিতা।