পরিচ্ছন্নতার প্রচারাভিযানে ১৪ ফেব্রুয়ারি শাহবাগে কনসার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে শাহবাগ চত্বরে ‘প্রাণসখা ঢাকা’ পরিচ্ছন্নতার প্রচারাভিযান উপলক্ষে কনসার্টের আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এতে অংশ নেবেন জনপ্রিয় সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, জেমস এবং জলের গান ও শিরোনামহীন।
গতকাল মঙ্গলবার দুপুর সোয়া ১২টায় রাজধানীর তেজগাঁওয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল আই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। ডিএসসিসির সহযোগিতায় প্রাণসখা ঢাকার আয়োজন করেছে চ্যানেল আই ও বিজ্ঞাপনী সংস্থা মাত্রা। অনুষ্ঠানে কনসার্টের পাশাপাশি গুণীজন কথা, ঢাকার ঐতিহ্য প্রদর্শনী, ঢাকার খাবার, নাচ, কবিতা আবৃত্তির আয়োজন করা হয়েছে। ওই দিন সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলা অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।
সংবাদ সম্মেলনে সাঈদ খোকন বলেন, ‘আজ থেকে ৪০০ বছর আগে ঢাকা ছিল প্রাণের বসতি। কিন্তু সব ঐতিহ্য হারিয়ে আজ ঢাকা সবচেয়ে বেশি দূষিত নগরীতে পরিণত হয়েছে। তবুও এটা আমাদের প্রাণের শহর। তাই ১৪ ফেব্রুয়ারি পরিচ্ছন্ন কর্মসূচিকে প্রাণসখা ঢাকা নামকরণ করা হয়েছে।’ সংবাদ সম্মেলনে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বিজ্ঞাপনী সংস্থা মাত্রার ম্যানেজিং পার্টনার আফজাল হোসেন ও সানাউল আরেফিন প্রমুখ উপস্থিত ছিলেন।