পরিচয় গোপন রেখে বিনা মূল্যে এইচআইভি পরীক্ষা করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যক্তির পরিচয় গোপন রেখে বেশ কিছু জায়গায় বিনা মূল্যে এইচআইভি পরীক্ষা করা হচ্ছে। যে কেউ এই পরীক্ষা করিয়ে নিতে পারে। দেহে এইচআইভির উপস্থিতি থাকলে পরবর্তী সেবার জন্য কোথায় যেতে হবে সে পরামর্শও এসব কেন্দ্র থেকে দেওয়া হয়।গতকাল বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এ তথ্য জানানো হয়। মুক্ত আকাশ বাংলাদেশ নামের একটি সংগঠন এই সভার আয়োজন করে। সংগঠনটি এইচআইভি সংক্রমিত ব্যক্তি ও এইডস রোগীদের নিয়ে কাজ করে।মুক্ত আকাশ বাংলাদেশের নির্বাহী পরিচালক এম এস মুক্তি বলেন, ‘স্বেচ্ছায় পরামর্শসেবা গ্রহণ ও রোগনির্ণয় কেন্দ্র’ (ভলান্টারি কাউন্সেলিং অ্যান্ড টেস্টিং সার্ভিস) রোগ প্রতিরোধ ও সংক্রমণ রোধের প্রথম ধাপ। পুরান ঢাকার চানখাঁরপুল, নয়াবাজার, মৌলভীবাজার, এস কে দাস রোড, আগানগর ও নারায়ণগঞ্জ সদর—এই ছয়টি কেন্দ্রে এইচআইভি পরীক্ষা করা হয়। বাংলাদেশে শিরায় মাদক গ্রহণকারীদের মধ্যে এই রোগের প্রকোপ বেশি, তাই এরাই রোগ নির্ণয়ের ক্ষেত্রে অগ্রাধিকার পাচ্ছে।এম এস মুক্তি জানান, এই সংগঠনের বাইরেও বিভিন্ন নগর স্বাস্থ্যকেন্দ্রে এই সেবা দেওয়া হয়। প্রচার নেই বলে মানুষ জানে না, সেবা নেয় না। সংগঠনের সভাপতি রাজু রোজারিও বলেন, সুচিকিৎসা ও পুষ্টি নিশ্চিত করা গেলে এইচআইভি সংক্রমণের পরও মানুষ দীর্ঘ ও কর্মক্ষম জীবন যাপন করতে পারে। মুক্ত আকাশের কর্মসূচি ব্যবস্থাপক এ কে এম আনিসুজ্জামান বলেন, তাঁদের কেন্দ্রগুলোতে সেবা গ্রহণকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হয়। প্রধান অতিথির বক্তব্যে ইংরেজি দৈনিক দি নিউ নেশন-এর সম্পাদক মোস্তফা কামাল মজুমদার এইডস নিয়ে সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানান।