পরিবার পরিকল্পনা অধিদপ্তরে সাড়ে ছয় হাজার পদ শূন্য
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রায় সাড়ে ছয় হাজার পদ শূন্য রয়েছে। গতকাল বুধবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে এই তথ্য জানান স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক।সরকারি দলের শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, অধিদপ্তরের সদর দপ্তর, জেলা ও উপজেলায় শূন্য পদের সংখ্যা ছয় হাজার ৫৩৭টি। এসব পদ পূরণের প্রক্রিয়া চলছে।তাজুল ইসলামের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ক্যানসার রোগীদের উন্নত প্রযুক্তি ও আধুনিক চিকিৎসা দেওয়ার লক্ষ্যে মহাখালীর ৫০ শয্যার জাতীয় ক্যানসার ইনস্টিটিউট ও হাসপাতালকে ৩০০ শয্যায় উন্নীত করা হচ্ছে।এ বি এম গোলাম মোস্তফার প্রশ্নের জবাবে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান জানান, ২০০৯ সালে সাতটি লঞ্চ এবং সাতটি যাত্রীবাহী নৌকা ও ট্রলার দুর্ঘটনায় ১৯৮ জনের মৃত্যু হয়। ২০১০ সালে পাঁচটি লঞ্চ এবং ১০টি যাত্রীবাহী নৌকা ও ট্রলার দুর্ঘটনায় ১০১ জনের মৃত্যু হয়।