পরিবার পরিকল্পনা কর্মসূচিকে স্বাস্থ্য কর্মসূচির কেন্দ্রে আনার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী গোলাম নবী আজাদ বলেছেন, স্বাস্থ্য খাতে আরও ভালো ফল পেতে হলে পরিবার পরিকল্পনা কর্মসূচিকে কর্মকাণ্ডের কেন্দ্রে আনতে হবে। এ ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোর নিজেদের মধ্যকার সহযোগিতা জোরদার করা দরকার।গতকাল শনিবার ঢাকায় শুরু হওয়া জনসংখ্যাবিষয়ক মন্ত্রী পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের মূল বক্তব্যে গোলাম নবী আজাদ এ কথা বলেন। ২৫টি দেশের সংগঠন পার্টনার্স ইন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (পিপিডি) দুই দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করেছে।সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, জনসংখ্যার ঘনত্ব ও জমির স্বল্পতার কারণে দেশের জনসংখ্যা বৃদ্ধির হার ২০৪০ সাল নাগাদ শূন্যে নামিয়ে আনা দরকার। গত ৪০ বছরে জনসংখ্যা বৃদ্ধির হার ৩ শতাংশ থেকে কমে ১ দশমিক ৩৪ শতাংশে এসে দাঁড়িয়েছে। তিনি জনসংখ্যা নিয়ন্ত্রণে উদার মনোভাব পোষণ করার কথা বলেন।১৯৯৪ সালে কায়রোতে অনুষ্ঠিত জনসংখ্যা ও উন্নয়নবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের পর ১০টি দেশ নিয়ে পিপিডির যাত্রা শুরু হয়। বর্তমানে ২৫টি দেশ এর সদস্য। পিপিডির প্রধান কার্যালয় ঢাকায়। ২০১৪ সালের পর জনসংখ্যা ও উন্নয়নের ক্ষেত্রে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার বিষয় নির্ধারণ করাই সম্মেলনের মূল উদ্দেশ্য।অনুষ্ঠানের সভাপতি স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, বাংলাদেশ মাতৃ ও শিশুমৃত্যু কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে।পিপিডির বর্তমান চেয়ারপারসন গোলাম নবী আজাদ বলেন, অনেক সফালতা সত্ত্বেও পরিবার পরিকল্পনার ক্ষেত্রে অনেক অঞ্চলে কিছু বাধা আছে। অনেক ক্ষেত্রে জন্মনিয়ন্ত্রণসামগ্রীর সরবরাহে ঘাটতি থাকে। কিছু অঞ্চলে বাল্যবিবাহের হার বেশি। আবার প্রজনন স্বাস্থ্য সম্পর্কে কিশোর-কিশোরীদের সঠিক তথ্য অনেক ক্ষেত্রে দেওয়া সম্ভব হচ্ছে না।বাংলাদেশ ও ভারতের স্বাস্থ্যমন্ত্রী উন্নয়নশীল দেশগুলোতে জনসংখ্যা কর্মসূচি সফল করতে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা জোরদার করার ওপর জোর দেন। ঢাকা ঘোষণার মধ্য দিয়ে আজ এই সম্মেলন শেষ হবে।