পরিবার পরিকল্পনা সপ্তাহ উদ্বোধন করলেন স্বাস্থ্য উপদেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষ্ক্রিয় কমিউনিটি ক্লিনিকগুলোকে চালু করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী। গতকাল শনিবার জাতীয় জাদুঘর মিলনায়তনে পরিবার পরিকল্পনা সপ্তাহ ২০১০-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মোদাচ্ছের আলী বলেন, বাংলাদেশ একটি ছোট ও ঘনবসতিপূর্ণ দেশ। এখানে সবার চিকিৎসাসেবা নিশ্চিত করতে হলে সংশ্লিষ্টদের গুরুত্বসহকারে কাজ করতে হবে। তিনি আরও বলেন, দেশকে এগিয়ে নিতে হলে জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখতে হবে। শিশুমৃত্যু হ্রাসে সাফল্যের জন্য সম্প্রতি বাংলাদেশ এমডিজি-২০১০ অ্যাওয়ার্ড পেয়েছে। সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে হলে সবাইকে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। সকালে শিশু একাডেমী থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জাদুঘরের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা স্বাস্থ্যকর্মীরা অংশ নেন। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মুহম্মদ হুমায়ুন কবির। স্বাস্থ্য খাতে নির্ধারিত সময়ে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনে বাড়ি বাড়ি গিয়ে সেবা প্রদানে সবাইকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে ইউএনএফপিএর সহকারী প্রতিনিধি হাসিনা বেগম, আইইএমের পরিচালক গণেশ চন্দ্র সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।