ঢাকার বনানী থেকে একই দিনে নিখোঁজ চার তরুণের একজন মেহেদি হাসান কখনো পরিবারবিচ্ছিন্ন ছিলেন না বলে দাবি করছেন তাঁর অভিভাবকেরা। তাঁরা বলছেন, তাঁর আচার-আচরণও স্বাভাবিক ছিল। হঠাৎ তাঁর নিখোঁজ হওয়ার কারণ বুঝে উঠতে পারছেন না তাঁরা।
১ ডিসেম্বর বনানীর নর্দার্ন ক্যাফের সামনে থেকে নিখোঁজ চার তরুণের একজন মেহেদি। অন্যরা হলেন শাফায়াত হোসেন, জাইন হোসেন খান ও মো. সুজন। এ ঘটনায় বনানী থানায় জিডি করেছেন তাঁদের স্বজনেরা।
মেহেদির চাচা মাহবুব আলম গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, তাঁদের বাড়ি বরিশালের বাবুগঞ্জে। তাঁর বাবা ঝালকাঠি সদর থানার পুলিশ কনস্টেবল। নাম জাহাঙ্গীর হাওলাদার। তিনি মাস খানেক আগে হৃদ্রোগে আক্রান্ত হয়ে বরিশালের শের-ই-বাংলা মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন। অবস্থা কিছুটা স্থিতিশীল হওয়ার পর তাঁকে এনজিওগ্রামের জন্য ঢাকায় নিয়ে আসা হয়। ঢাকায় তাঁরা উঠেছিলেন রায়েরবাজারে মেহেদির ফুফু পারুল আক্তারের বাসায়। চিকিৎসা শেষে ২৯ নভেম্বর জাহাঙ্গীর হাওলাদার বাড়ি ফিরে যান। মেহেদি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির পরীক্ষা দেওয়ার জন্য ঢাকায় থেকে যান। নিখোঁজ হওয়ার দিন এলাকার বন্ধু মো. সুজনের সঙ্গে বনানী সুপার মার্কেটে যান। রাত সাড়ে আটটা থেকে তাঁর আর খোঁজ পাওয়া যায়নি।
মেহেদির একজন স্বজন বলেন, মাত্র তিন মাস আগে মেহেদি ভালোবেসে একজনকে বিয়ে করেন। মেয়েটি সবে উচ্চমাধ্যমিক পাস করেছেন। মেহেদি নিজ এলাকায় ইদিলকাঠি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন আর ছাত্র পড়াতেন। শ্বশুরবাড়ি একই মহল্লায় হওয়ায় মেহেদির বাবা-মা তাঁকে ঢাকায় এসে একটা চাকরি করতে চাপ দিচ্ছিলেন। তাই তিনি অনিচ্ছা সত্ত্বেও ঢাকায় এসেছিলেন বলে দাবি করেন মেহেদির ওই স্বজন। সরকারি বিএম কলেজ থেকে সমাজবিজ্ঞানে সম্মান পাস মেহেদি কলেজে কখনোই অনিয়মিত ছিল না বলেও জানান তিনি।
এদিকে নিখোঁজ চার তরুণ কোথায় কেমন আছেন, সে সম্পর্কে পুলিশ তথ্য দিতে পারেনি। তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ জানতে পারে, রাত সাড়ে আটটা নাগাদ তাঁরা নর্দার্ন ক্যাফের সামনে ছিলেন। এরপর চারজনের মুঠোফোনই বন্ধ হয়ে যায়।
সদ্য ও লেভেল উত্তীর্ণ তরুণ সাঈদ আনোয়ার খানকে নিয়েও ধোঁয়াশা রয়ে গেছে। সাঈদ বনানী থেকে কলাবাগানে জুডো ক্লাস করে রাত ১০টায় বাড়ি ফেরার কথা। রাত ৯টা ৫৫ থেকে তাঁর ফোন বন্ধ। যে সাইকেলে তিনি কলাবাগানে এসেছিলেন, সেটিও পাওয়া যাচ্ছে না। সাঈদ ও তাঁর এক বন্ধু একই সঙ্গে ক্লাসে যাওয়ার কথা ছিল। ওই দিন বন্ধুটি জুডো ক্লাসে যাননি।