পরিবারে যথাযথ নিরাপত্তা পাচ্ছে না নারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবারে যথাযথ নিরাপত্তা পাচ্ছে না নারীরা। দেশের ৬০ শতাংশ নারী পরিবারে শারীরিক নির্যাতনের শিকার। মানসিক নির্যাতনের শিকার নারীর সংখ্যা আরও বেশি। বাংলাদেশসহ সমগ্র দক্ষিণ এশিয়ার চিত্র একই রকম। গতকাল মঙ্গলবার বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে দক্ষিণ এশীয় চেঞ্জমেকার সম্মেলন ২০১০-এর উদ্বোধনী অনুষ্ঠানে আলোচকেরা এ কথা জানিয়েছেন। ‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট’ এ অনুষ্ঠানের আয়োজন করে। পারিবারিক নির্যাতন প্রতিরোধে আয়োজিত এ সম্মেলনে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল ও আফগানিস্তানের আমরাই পারি প্রচারাভিযানের ১৫০ সদস্য অংশ নেন। অনুষ্ঠানে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেন, পারিবারিক নির্যাতনের প্রভাব কেবল নারী নয়, সন্তান ও গোটা পরিবারের ওপর পড়ে। এ ধরনের নির্যাতন প্রতিরোধে আমাদের সচেতনতার পাশাপাশি ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পারিবারিক নির্যাতন প্রতিরোধে শিগগিরই আইন প্রণয়ন করা হচ্ছে বলে তিনি জানান। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ বলেন, পরিবারকে নারী সবচেয়ে বেশি নিরাপদ মনে করে। অথচ সে পরিবারই তার জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের চেয়ারপারসন সুলতানা কামাল বলেন, নারীর জন্য পরিবারে সম-অধিকার আইন এখনো প্রণয়ন করা হয়নি। মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন,সব মন্ত্রণালয়কে পারিবারিক নির্যাতন প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে হবে।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রচারাভিযানের শ্রীলঙ্কান সদস্য নোফেল মুহাম্মদ জুনায়েদ।