পরিবারের দাবি বন্ধুরাই খুন করেছে স্কুলছাত্র স্বাধীনকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কদমতলীতে প্রকাশ্য দিবালোকে এক স্কুল শিক্ষার্থীকে গলা কেটে হত্যার ঘটনার কোনো কূলকিনারা করতে পারছে না পুলিশ। হত্যার কারণ ও হত্যাকারী সম্পর্কে তারা এখনো অন্ধকারে। তবে পরিবারের অভিযোগ, একটি মেয়েবন্ধুকে কেন্দ্র করে স্বাধীনের বন্ধুরাই তাকে খুন করেছে। বন্ধুদের জিজ্ঞাসাবাদ করলেই হত্যার কারণ জানা যাবে বলে দাবি করেন তাঁরা।
গত সোমবার সকালে দক্ষিণ দনিয়ার বর্ণমালা সড়কের ৭৯৮/২ নম্বর বাসায় মো. স্বাধীনকে হত্যা করা হয়। দোতলা এই বাসার নিচতলার দুই কক্ষে মা-বাবার সঙ্গে সে থাকত। এবার স্থানীয় মুরাদপুর সমীরণ নেসা উচ্চবিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে এসএসসি পরীক্ষা দিয়েছিল।
গতকাল দুপুরে ওই বাসায় গিয়ে দেখা গেছে নিচতলার একটি কক্ষ থেকে দরজা বেয়ে রক্ত গড়িয়ে পড়ার দাগ। দরজার একটু সামনে জমাট বাঁধা কালো রক্ত। বাসার ঢোকার মূল ফটক খোলা থাকলেও নিচতলা ও ওপরের তলা তালাবদ্ধ। প্রতিবেশী জুলেখা বেগম বলেন, সোমবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে হত্যাকাণ্ডটি ঘটে। কেউ তার গলা কেটে পালিয়ে যায়। তিনি বলেন, এ সময় বাসায় কেউ ছিল না, বাসার মূল ফটক খোলা ছিল। পাশের সরু গলি দিয়ে যাওয়ার সময় কয়েকটি শিশু স্বাধীনকে দরজার সামনে পড়ে থাকতে দেখে। পরে কেউ একজন পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে।
স্থানীয় কয়েকজন বলেন, ছয়-সাত মাস আগে তারা এই বাসা ভাড়া নেন। স্বাধীন তার মা রিনা বেগমের সঙ্গেই থাকত। বাবা সোহেল রানা মাঝেমধ্যে আসতেন। তিনি গুলিস্তানে একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। স্বাধীনের বড় ভাই রাকিব উচ্চমাধ্যমিক পাস করে গত বছর থেকে মালয়েশিয়ায় থাকেন।
গতকাল মঙ্গলবার স্বাধীনের মা রিনা বেগম বলেন, ‘আমার ছেলের কারও সঙ্গে কোনো শত্রুতা ছিল না। তবে একটি মেয়েকে নিয়ে স্বাধীনের সঙ্গে তার বন্ধুদের ঝামেলা ছিল। তারাই আমার ছেলেকে হত্যা করেছে।’ তিনি বলেন, ঘটনার দিন সকাল আটটায় স্বাধীনের বাবা বাসা থেকে বের হয়ে যায়। রিনা বেগম বের হন সকাল ১০টায়। দুপুর ১২টার দিকে তিনি পুলিশের মাধ্যমে ছেলে হত্যার খবর পান।
রিনা বেগম বলেন, ‘আমি বাসা থেকে বের হওয়ার সময় স্বাধীন শাকিল নামে তার এক বন্ধুর সঙ্গে ফোনে কথা বলছিল।’ তাঁর সন্দেহ, শাকিল, মুরাদ ও পলক তার ছেলেকে হত্যা করেছে। পলক ছেলের সহপাঠী, মুরাদ এলাকার বড় ভাই হিসেবে পরিচিত, আর শাকিল ওয়ারী এলাকায় থাকে।
স্বাধীনের বাবা সোহেল বলেন, ২০ থেকে ২৫ দিন আগে ওই তিনজনের সঙ্গে স্বাধীনের ঝামেলা হয়েছিল। একটি মেয়ের সঙ্গে কথা বলায় স্বাধীনের মুঠোফোন আটকে রেখেছিল মুরাদ। পরে তার মামা গিয়ে ফোন উদ্ধার করে নিয়ে আসে এবং বিষয়টি মিটমাট করে দেন।
পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে ও স্বাধীনের মুঠোফোনের কললিস্ট পরীক্ষা করে সোমবার রাতে দুজন ও মঙ্গলবার আরও তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে কদমতলী থানা-পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে একটি মেয়ে আছে। তারা সবাই স্বাধীনের বন্ধু। তবে পুলিশ এদের নাম বলতে চায়নি।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেন, ‘হত্যার ধরন দেখে মনে হয়ে হত্যাকারী একাধিক। একজনের পক্ষে এভাবে হত্যা করা সম্ভব নয়। তবে কেন এমন হত্যাকাণ্ড ঘটল, তা নিয়ে আমরা এখনো অন্ধকারে। পরিবারের প্রাথমিক অভিযোগের ভিত্তিতে এক নারীসহ পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু তাদের কাছে হত্যাকাণ্ড সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদ শেষে একজনকে (মেয়ে) ছেড়ে দেওয়া হয়েছে। অন্যরা আটক রয়েছেন।’
ওসি বলেন, স্বাধীনের পড়ার টেবিল থেকে একটি ডায়েরি উদ্ধার করা হয়েছে। এতে একটি মেয়েকে নিয়ে বিভিন্ন হতাশার কথা উল্লেখ করা হয়েছে। কারও সঙ্গে শত্রুতা রয়েছে—এমন তথ্য পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে মামলা করলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
গতকাল স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করার দায়িত্বে থাকা কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মুকলেছুর রহমান প্রথম আলোকে বলেন, হত্যার কারণ সম্পর্কে ছেলেটির পরিবার কিছু বলতে পারছে না।
ময়নাতদন্ত শেষে গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে লাশ মুরাদনগর সমীরণ নেসা উচ্চবিদ্যালয়ে নেওয়া হয়। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। স্বজনরা শেষবার স্বাধীনকে দেখে কান্নায় ভেঙে পড়েন। পরে স্কুলের পাশের মসজিদে জানাজা শেষে লাশ জুরাইন কবরস্থানে দাফন করা হয়।
স্বাধীনের শ্রেণিশিক্ষক মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, স্বাধীন পড়ালেখায় মনোযোগী ছিল না, ক্লাসেও ছিল অনিয়মিত।