পরিবারের সঙ্গে করোনায় আমার জীবনগাথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস পাল্টে দিয়েছে আমাদের জীবনের বাস্তবতা। দেশ–বিদেশের পাঠকেরা এখানে লিখছেন তাঁদের এ সময়ের আনন্দ–বেদনাভরা দিনযাপনের মানবিক কাহিনি। আপনিও লিখুন। পাঠকের আরও লেখা দেখুন প্রথম আলো অনলাইনে। লেখা পাঠানোর ঠিকানা: [email protected]

আমরা যখন গানের তালে মাথা আগে পিছে হাওয়ায় গাছে ঝুলে থাকা বাতাবিলেবুর মতো দোলাই, সেটাকে বৈজ্ঞানিকভাবে বলা হয়ে থাকে ‘সাবজেক্টিভ রিদমাইজেশন’। যদি গানের তালের মাঝে বিরতি লম্বা হয়, তখন বিরতিকালেও আমরা মাথা দোলানো বন্ধ রাখি না, বরং আমাদের মস্তিষ্ক কাল্পনিক শব্দের তালে মাথা দোলাতে থাকে। চমৎকার এই ঘটনাকে বৈজ্ঞানিকভাবে বলা হয় ‘পারসেপচুয়াল প্রেজেন্স’।

করোনাকালের এই সময়টিও যেন প্রবহমান জীবনের তালের মাঝে একটি লম্বা বিরতি। এই সময়ে আমাদের মস্তিষ্ক জীবন নিয়ে একটি ‘পারসেপচুয়াল প্রেজেন্স’ তৈরি করেছে।

আপনি আজীবন একজনকে মাথায় গিজগিজ করা চুলে দেখেছেন, হঠাৎ তাকে টাক মাথায় দেখলে যেমন চমকে উঠবেন, ঢাকার রাস্তাও আজ তেমন। আজ জাদুর যন্ত্রগুলোও একঘেয়ে হয়ে উঠেছে। এমন অবস্থায় চ্যালেঞ্জ নিলাম। সবাই যেমন কর্মহীন, উদ্দেশ্যহীন সময়ের এই অন্তহীন মরুভূমিতে কিছু না কিছু শেখার চ্যালেঞ্জ নিয়েছে; আমি, বামপন্থী, ভাবলাম—একদমই কিছু না করে, কিছু না ভেবে সময় কাটালে কেমন হয়? এ–ও কি সম্ভব? স্ট্যাটিসটিকস বলে, একজন মানুষ সর্বোচ্চ ২৩৪ মিলিসেকেন্ড একদম না ভেবে কাটাতে পারে। নাহ! অধ্যবসায় দিয়ে এই রেকর্ড ভাঙব। তারপর রিপোর্ট লিখব।

প্রথম পাঁচ-ছয় দিন আমার অপরিপক্ব কৈশোর মস্তিষ্ক পারসেপচুয়াল প্রেজেন্স হিসেবে অতীতের নানা স্মৃতির একটি কমপ্লেক্স নেটওয়ার্ক তৈরি করে আমাকে আবেগিক দিক দিয়ে অনেক স্পর্শকাতর বানিয়ে ফেলল। করোনায় বিশ্বের হাহাকারে আগে অংশগ্রহণ না করলেও এই একাকিত্বের চর্চায় যেন সেই হাহাকারও আমায় গ্রাস করে নিল। এটি ছিল প্রথম করোনাকালীন অর্জন।

এরপর এল সব থেকে বড় অর্জন। কাজ, পড়াশোনা, গৃহদায়িত্ব ও সবশেষে হিন্দি-বাংলা সিরিয়াল ঘরে থাকা মানুষগুলোর মধ্যে এক অদৃশ্য দেয়াল তৈরি করে রেখেছিল। আজ কাজকর্ম নেই, জি-বাংলা, স্টার জলসারও ভাত আজ বাড়ন্ত, ফলস্বরূপ দেয়ালগুলো ধসে যেতে থাকল, পরিবারের সঙ্গে ডিসট্যান্সিং কমতে লাগল।

জানি, করোনায় হয়তো আমাদের অনেক প্রিয়জনই অজানায় পাড়ি জমাবে, কিন্তু সবাই যে এই উপলব্ধিটা অর্জন করতে পারছে, নাড়ির টান; জীবনের শেষ মুহূর্তগুলো নয়, সব মুহূর্তই পরিবারের সঙ্গে কাটানোর আকাঙ্ক্ষার জেগে ওঠা—এটিই করোনাকালে আমার জীবনগাথা।

* লেখক: শিক্ষার্থী, বায়ো-মেডিকেল প্রকৌশল বিভাগ, ১ম বর্ষ, বুয়েট। [email protected]