পরিবেশ রক্ষা হলে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক উন্নয়ন টেকসই হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ রক্ষা করেই দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে হবে, অন্যথায় উন্নয়ন টেকসই হবে না। গতকাল মঙ্গলবার রাজধানীর ইউনাইটেড বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এনভায়রনমেন্টাল ভ্যালুয়েশন ইন সাউথ এশিয়া নামের বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে অর্থনীতিবিদ ও পরিবেশ বিশেষজ্ঞরা এসব কথা বলেছেন।প্রকাশনা অনুষ্ঠানে গবেষণা প্রতিষ্ঠান ইকোনমিক রিসার্চ গ্রুপের চেয়ারম্যান ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলো জলবায়ু পরিবর্তনের জন্য খুব একটা দায়ী না হলেও এর কুফল ভোগ করছে তারা। কিন্তু দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে অভিন্ন নদীর পানি বণ্টন ও সুরক্ষা নিয়ে সমস্যা রয়েছে। আলোচনার মাধ্যমে নদীসংশ্লিষ্ট সমস্যা সমাধানের পরামর্শ দেন তিনি। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আইনুন নিশাত বলেন, এশিয়ার দেশগুলোর জলবায়ু পরিবর্তন, নদীর পানি বণ্টন, বন ধ্বংস হওয়া এমন কিছু অভিন্ন পরিবেশগত সমস্যা রয়েছে। আবার প্রতিটি দেশেরই নিজস্ব কিছু সমস্যা আছে। এই অঞ্চলের দেশগুলো সম্মিলিতভাবে উদ্যোগ নিলে এসব সমস্যার সমাধান সম্ভব। ইউনাইটেড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক এ কে এনামুল হক, ভারতের দিল্লির ইনস্টিটিউট অব ইকোনমিক গ্রোথের সাবেক অধ্যাপক এম এন মুর্তি এবং নেপালের সাউথ এশিয়ান নেটওয়ার্ক ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্টের প্রকল্প পরিচালক প্রিয় শ্যামসুন্দর বইটি সম্পাদনা করেছেন। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় প্রেস বইটি প্রকাশ করেছে। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, বই থেকে দক্ষিণ এশিয়ার নীতিনির্ধারকেরা শিক্ষা নিতে পারেন। ইউনাইটেড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম রেজওয়ান খান বলেন, অর্থনৈতিক উন্নয়নে কোনো ধরনের পরিবেশগত ঝুঁকি থাকলে তা বেশির ভাগ অর্থনীতির গবেষণায় উঠে আসে না। কিন্তু এই বইয়ে তা উঠে এসেছে। শুরুতে এনামুল হক বইটির বিভিন্ন অধ্যায়ে কী আছে সে বিষয় নিয়ে বক্তব্য তুলে ধরেন। বইয়ে দক্ষিণ এশিয়ার কৃষি ও চিংড়ি চাষের মধ্যে দ্বন্দ্ব, খাল খনন, কীটনাশকের প্রভাবসহ নানা বিষয় স্থান পেয়েছে। অনুষ্ঠানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাফিজ জি এ সিদ্দিকি, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা পরিচালক এম আসাদুজ্জামান, প্রমুখ বইটির বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন।