গত শতকের ষাটের দশকে ঢাকার পুরানা পল্টনে দুটি বড় মাঠ ও একটি পুকুর ছিল। শান্তিনগর ও নিউমার্কেটে ছিল ধানখেত। কাকরাইল এলাকায় ছিল ঘন জঙ্গল। নিজের শৈশবের ঢাকা শহরের স্মৃতি এভাবেই তুলে ধরেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ।রাজধানীর নটর ডেম কলেজের শিক্ষার্থীদের আয়োজনে প্রকৃতি উৎসব ও প্রকৃতি অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠানের বক্তৃতায় আইনমন্ত্রী স্মৃতিকাতর হয়ে ওঠেন। ব্রিটিশ আমলে নিজের প্রাথমিক বিদ্যালয়ের পড়ার অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেন, ‘আগে আমাদের শ্রেণীকক্ষে বাগান করা শেখানো হতো। এখন কোনো বিদ্যালয়ে আর এ ধরনের শিক্ষা দেওয়া হয় না।’২৬ বছর আগে প্রতিষ্ঠিত নটর ডেম কলেজ নেচার স্টাডি ক্লাবের আয়োজনে প্রকৃতি উৎসবে আইনমন্ত্রী বলেন, ‘নগরায়ণ করে ঢাকার ওই প্রাকৃতিক পরিবেশকে আমরা ধ্বংস করেছি। বুড়িগঙ্গায় অক্সিজেনের পরিমাণ নেই বললেই চলে। রাজধানীর চারপাশের নদী ও খালগুলোর দূষণ এমন জায়গায় পৌঁছেছে যে উচ্চ আদালতের নির্দেশে নদীকে দূষণ থেকে রক্ষা করতে হচ্ছে।’ তিনি বলেন, পরিবেশ রক্ষার সচেতনতা সমাজে ছড়িয়ে দিতে হবে।দুই দিনব্যাপী এই প্রকৃতি উৎসবের সমাপনী দিনের বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মনোয়ার ইসলাম বলেন, পরিবেশ অধিদপ্তর দূষণ রোধে গত কয়েক মাসে শিল্পপ্রতিষ্ঠানগুলোকে প্রায় ছয় কোটি টাকা জরিমানা করেছে। বর্জ্য ব্যবস্থাপনায় নতুন আইন করা হচ্ছে, এতে কেউ যত্রতত্র ময়লা ফেললে তার বিরুদ্ধে শাস্তির বিধান রাখা হবে।নটর ডেম কলেজের অধ্যক্ষ ফাদার বেঞ্জামিন কস্তা বলেন, পরিবেশ ও প্রকৃতিকে রক্ষা করা কেবল সরকারের একার দায়িত্ব নয়, সবাইকে এ ব্যপারে সোচ্চার হতে হবে। নেচার ক্লাবের মাধ্যমে শুধু কলেজের মধ্যে পরিবেশ রক্ষার কাজ করলে হবে না, পাড়ায়-পরিবারে গিয়ে পরিবেশ রক্ষায় সচেতনতা গড়ে তুলতে হবে।ঢাকা ডাইভার্স ক্লাবের সভাপতি কে এম মুজিবর রহমান সেন্ট মার্টিন দ্বীপের গুরুত্ব তুলে ধরে বলেন, প্রবাল আছে এমন জায়গায় বসতি করা নিষেধ। অস্ট্রেলিয়া গ্রেট বেরিয়ার রিফকে পর্যটনশিল্পে কাজে লাগিয়ে বছরে এক বিলিয়ন ডলার আয় করছে। মালদ্বীপ কৃত্রিমভাবে প্রবাল তৈরি করছে। অথচ সেন্ট মার্টিন দ্বীপের প্রবাল সমুদ্র থেকে মানুষের ঘরে শোভা পাচ্ছে। মানুষ এগুলো ধ্বংস করছে।দুই দিনব্যাপী উৎসবে কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত পৃথিবীর একমাত্র তালিপাম, পাটের জীবনরহস্য উম্মোচন, প্রবাল, সাপ ও পরিবেশ রক্ষার বিভিন্ন উদ্যোগ নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন।