পরিবেশদূষণের অভিযোগে ফার্নেস তেল কারখানা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমিনবাজারে বায়ুদূষণকারী একটি ফার্নেস তেল তৈরির কারখানার সন্ধান পেয়েছে পরিবেশ অধিদপ্তর। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্লুজম ক্রুড অ্যান্ড ফার্নেস ম্যানুফ্যাকচারার কোম্পানি নামের ওই কারখানাটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মুনীর চৌধুরীর নির্দেশে পূর্ণাঙ্গ উৎপাদন প্রক্রিয়া শুরুর আগেই কারখানাটি বন্ধ করে দেওয়া হলো। পরিবেশ অধিদপ্তরের অনুসন্ধানে দেখা যায়, ওই প্রতিষ্ঠানটি পরিবেশ ছাড়পত্র গ্রহণ ছাড়াই চীন থেকে আমদানি করা মেশিনপত্র দিয়ে আমিনবাজারে কারখানা তৈরি করে। এই কারখানায় দৈনিক পাঁচ টন বর্জ্য টায়ার বিশেষ প্রক্রিয়ায় পূর্ণ প্রক্রিয়াজাতকরণ করে সাড়ে চার টন ফার্নেস অয়েল তৈরি করা হয়। কারখানাটির মালিক আবুল খায়ের প্রথম আলোকে জানান, এটি পরি-বেশের ক্ষতি করবে বুঝতে পারেননি। পরিচালক মুনীর চৌধুরী বলেন, ‘পরীক্ষা-নিরীক্ষা ছাড়া এ ধরনের শিল্পায়ন দেশের জন্য ধ্বংসাত্মক। এ ধরণের অপতৎপরতা বন্ধে পরিবেশ অধিদপ্তর কঠোর পদক্ষেপ নেবে।’