পরিবেশবান্ধব উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবিলা করতেই হবে
টেকসই উন্নয়ন মানে পরিবেশবান্ধব উন্নয়ন। এ ধরনের উন্নয়নের পথে অনেক চ্যালেঞ্জ। কিন্তু টেকসই উন্নয়নের জন্য এই সব চ্যালেঞ্জ মোকাবিলা না করে উপায় নেই।
‘বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইআইডি) ২০১৭’ শীর্ষক তিন দিনব্যাপী আয়োজনের সমাপনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেছেন। গতকাল শনিবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ‘মিডিয়া বাজার’-এ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্মেলন কেন্দ্রের বাইরের প্রাঙ্গণে আয়োজন করা হয় প্রদর্শনীর, যাতে দেশি-বিদেশি ৯০টি প্রতিষ্ঠান অংশ নেয়। প্রদর্শনীতে ‘গ্রিন বিল্ডিং, ইন্টেলিজেন্স ওয়াটার ইউসেজ, সাসটেইনেবল প্রজেক্ট ফাইন্যান্সিং’ প্রভৃতি বিষয় তুলে ধরা হয়। বেসরকারি উদ্যোগে ২০১০ সাল থেকে বিআইআইডির আয়োজন করা হচ্ছে।
সমাপনী অনুষ্ঠানের সঙ্গেই আয়োজন করা হয় ‘সাসটেইনেবল ফাইন্যান্সিং অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ শীর্ষক আলোচনার। এতে সভাপতিত্ব করেন সরকারের ‘সাসটেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটির (স্রেডা) চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম সিকদার।