পরিবেশবান্ধব জ্বালানি খাতে সহযোগিতা দেবে যুক্তরাষ্ট্র
বাংলাদেশের পরিবেশবান্ধব জ্বালানি (ক্লিন এনার্জি) খাতের উন্নয়নে সহযোগিতা দিতে চেয়েছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ক্ষুদ্র সেচ প্রকল্পে সৌরশক্তি ব্যবহারের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নিয়েছে। এ ছাড়া গ্রামগঞ্জে বসতবাড়ির ভেতরের দূষণ বিষয়ে সমীক্ষা পরিচালিত হবে। পরে সেখানে জ্বালানি-সাশ্রয়ী চুলা সরবরাহের মাধ্যমে দূষণ কমানোর ব্যাপারে যুক্তরাষ্ট্র সরকার সহযোগিতা দেবে। যুক্তরাষ্ট্রের বৈদেশিক-বিষয়ক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) এবং পরিবেশ ও বন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। শিগগিরই যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে কার্বন নিঃসরণ কমানো-সম্পর্কিত এ সহযোগিতার বিষয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে।সূত্র জানায়, গত সোমবার পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে তাঁর সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স নিকোলাস ডিন সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তাঁরা এ বিষয়ে আলোচনা করেন। বৈঠকে ইউএসএআইডির মিশন ডিরেক্টর রিচার্ড গ্রিন, মন্ত্রণালয়ের সচিব মেছবাহ উল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বৈঠকে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেন, কার্বন নিঃসরণ কমাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক সহযোগিতার অংশ হিসেবে একটি সমঝোতা চুক্তি অচিরেই স্বাক্ষরিত হবে। এ চুক্তির খসড়া বর্তমানে প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স বাংলাদেশে অভ্যন্তরীণ বায়ুদূষণ কমিয়ে আনতে বাংলাদেশের গ্রামাঞ্চলে জ্বালানি-সাশ্রয়ী চুলা আরও বেশি পরিমাণে ব্যবহার নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র একটি কার্যকর উদ্যোগ গ্রহণ করবে বলে মন্ত্রীকে অবহিত করেন।