পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী তৈরি করছে হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট। রাজধানীর টেকনিক্যাল রোডে অবস্থিত এই প্রতিষ্ঠানে তিন বছর ধরে নির্মাণ করা হচ্ছে এসব সামগ্রী। কিন্তু সঠিকভাবে প্রচারের উদ্যোগ না থাকায় ব্যক্তি ও প্রতিষ্ঠানপর্যায়ে বিষয়টি অজানা থেকে যাচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এসব সামগ্রীর প্রচার হলে মাটিতে পোড়ানো ইটের প্রতি নির্ভরশীলতা কমে আসবে।
সরেজমিনে হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটে দেখা গেছে, সেখানে বিভিন্ন কক্ষে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী তৈরি করা হচ্ছে ও বেশ কিছু সামগ্রী আগে তৈরি করা হয়েছে।
ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষণা কর্মকর্তা আকতার হোসেন সরকার জানান, এসব তৈরির ক্ষেত্রে প্রধান উপকরণ হচ্ছে নদীর তলদেশের খনন করা মাটি ও অল্প পরিমাণে সিমেন্ট। সামগ্রীগুলোর মধ্যে রয়েছে মাটি ও সিমেন্টের সংমিশ্রণে তৈরি ইট, ভবনের মেঝে, ছাদ ও দেয়াল তৈরির উপকরণ, বিকল্প হলো স্ল্যাব, বালু-সিমেন্টের কংক্রিট হলো ব্লক, পলি ব্লক, ড্রেজড মাটির ব্লক, মাটি-সিমেন্টের স্ট্যাবিলাইজড ব্লক, ফেরোসিমেন্ট পানির ট্যাংক, একতলা ভবনের খুঁটি, চাল প্রভৃতি।
ইনস্টিটিউট থেকে জানানো হয়েছে, তাদের তৈরি ইটের খরচও কম। প্রচলিত ইটের খরচের অর্ধেক। পাটের আঁশ ব্যবহার করে তারা যে দেয়াল তৈরি করে, তা চূর্ণবিচূর্ণ হয় না ও ক্ষয় কম হয়। এ ছাড়া এগুলো ভূমিকম্প-সহনীয় নির্মাণে বিশেষ সহায়ক। সিমেন্ট ও বালু মিশিয়ে মেশিনে চাপ দিয়ে ইন্টারলকিং ব্লক তৈরি করা হয়। কংক্রিট হলো ব্লক অগ্নিতাপ ও শব্দ নিরোধক। এ রকম প্রতিটি নির্মাণসামগ্রীই পরিবেশবান্ধব ও সাশ্রয়ী বলে জানান ইনস্টিটিউটের কর্মকর্তারা।
সরেজমিনে দেখা গেল, ইনস্টিটিউটের ভেতরে একটি জায়গায় পাঁচতলা একটি ভবন নির্মাণ করা হয়েছে। আরও দুটি ভবনের নির্মাণকাজ চলছে। এই ভবনগুলোর পুরোটাই তৈরি করা হয়েছে ইনস্টিটিউটের তৈরি পরিবেশবান্ধব নানা নির্মাণসামগ্রী দিয়ে। তবে আনুষ্ঠানিকভাবে এই ভবনে কোনো ধরনের কার্যক্রম শুরু হয়নি।
ইনস্টিটিউট সূত্র জানায়, তারা এসব নির্মাণসামগ্রী নিজেরাই তৈরি ও ব্যবহার করছে। কিন্তু সীমাবদ্ধতা থাকায় তারা এটি বাণিজ্যিকভাবে তৈরি করতে পারে না। যদি কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান এগুলো তৈরিতে আগ্রহ দেখায়, তাহলে তারা সে ক্ষেত্রে সহায়তা ও পরামর্শ দেবে। বর্তমানে কয়েকটি প্রতিষ্ঠান এটি তৈরিতে আগ্রহ দেখাচ্ছে বলে জানান কর্মকর্তারা।
ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ আবু সাদেক বলেন, ‘দিন দিন বহুতল ভবন নির্মাণের হার বাড়ছে। এতে বিপুল পরিমাণে ইট ব্যবহৃত হচ্ছে। এসব ইট তৈরিতে প্রচুর পরিমাণে মাটি ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া ইট পোড়াতে কয়লা, গাছ ব্যবহার করা হচ্ছে। ফলে বড় ধরনের প্রাকৃতিক সম্পদ চলে যাচ্ছে। সে ক্ষেত্রে যদি আমাদের প্রযুক্তি ব্যবহার করে ইট ও অন্যান্য পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়, তাহলে প্রাকৃতিক সম্পদ কম ক্ষতিগ্রস্ত হবে। তা ছাড়া পরিবেশবান্ধব সামগ্রী দামে কম হওয়ায় নির্মাণ খরচও কমে আসবে।’
তবে আবু সাদেক স্বীকার করেন, প্রচার কম থাকায় মানুষ এ ধরনের নির্মাণসামগ্রী সম্পর্কে জানছে কম।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক মুহাম্মদ শরিফুল ইসলাম বলেন, ‘আমাদের দেশের কৃষিজমি রক্ষা ও নদী খনন করা মাটির সঠিক ব্যবহার করার জন্য বিকল্প ইটের ব্যবহার একটি ভালো উদ্যোগ। বিশ্বের বিভিন্ন দেশে বিকল্প ইট ব্যবহার করা হচ্ছে।’