পরিবেশবান্ধব সৌর বোতল বাতির উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবায়নযোগ্য শক্তির বিষয়ে রাজধানীর বস্তিবাসীসহ দেশের মানুষকে সচেতন করতে পরিবেশবান্ধব সৌর ‘বোতল বাতি’ চালু করেছে একটি যুব সংগঠন। চেঞ্জ (পরিবর্তন) নামের সংগঠনটি গতকাল বুধবার ধানমন্ডির এডওয়ার্ড এফ কেনেডি সেন্টারে এক অনুষ্ঠানে এ বাতির উদ্বোধন করে।চেঞ্জের সভাপতি সাজিদ ইকবাল নতুন এ বাতির সঙ্গে পরিচয় করিয়ে দেন। দিনের বেলায় ঘরের ভেতরে আলোর প্রয়োজন মেটাতে এ বাতি ব্যবহার করা যাবে। এর প্রযুক্তি খুব সাধারণ। এতে দুই লিটারের একটি প্লাস্টিকের বোতল ব্যবহার করা হয়, যা সূর্যের আলো সরাসরি প্রতিফলিত করে ঘরের মধ্যে পাঠায়। এ বাতি ৫৫ ওয়াট বৈদ্যুতিক বাতির সমান আলো দেয়, কিন্তু কোনো বিদ্যুৎ খরচ হয় না।সাজিদ ইকবাল জানান, ফিলিপাইনে এ ধরনের বাতি প্রথম ব্যবহূত হয়। ঢাকার বস্তিগুলোতে প্রতিদিন ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ খরচ হয়। বিদ্যুতের এই অপব্যবহার রোধ করতে চেঞ্জ এ প্রকল্প হাতে নেয়।অনুষ্ঠানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সংগঠনটির উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান বলেন, এ প্রকল্প দেশের সব মানুষের জন্য আলোর প্রয়োজন নিশ্চিত করবে। এটি একটি সামাজিক ব্যবসা, যার মাধ্যমে সমাজ ও দেশের উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান হবে।অনুষ্ঠানে আবুল মোনেম গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক এ এস এম মাইনুদ্দিন মোনেম উপস্থিত ছিলেন।