ছাত্রী ধর্ষণের অভিযোগে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের চাকরিচ্যুত শিক্ষক পরিমল জয়ধর ও তাঁর মদদদাতাদের শাস্তির দাবিতে বিভিন্ন সংগঠনের কর্মসূচি অব্যাহত রয়েছে।গতকাল বুধবার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার সামনে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের লালবাগ থানা শাখা এই মানববন্ধনের আয়োজন করে। এ সময় বক্তারা বলেন, পরিমল জয়ধর শিক্ষকতার মহান পেশার মর্যাদাকে ভূলুণ্ঠিত করেছেন। মানববন্ধনে বক্তৃতা করেন ফোরামের নেত্রী শম্পা বসু, সংগীতা বাড়ৈ প্রমুখ। কয়েকজন অভিভাবকও মানববন্ধনে অংশ নেন।জাতীয় অভিভাবক পরিষদ বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মূল ক্যাম্পাসের সামনে মানববন্ধন করেছে। সেখানে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ শাহিনা খান, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি শামা ওবায়েদ প্রমুখ। তাঁরাও পরিমল জয়ধর ও মদদদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।পরিমল জয়ধর বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন। তিনি অপরাধ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। ছাত্রীটিও আদালতে তার বক্তব্য দিয়েছে। ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ৫ জুলাই বাড্ডা থানায় পরিমল জয়ধরসহ ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হোসনে আরা বেগম (বর্তমানে ছুটিতে) ও প্রতিষ্ঠানটির বসুন্ধরা শাখার ভারপ্রাপ্ত প্রধান লুৎফর রহমানকে আসামি করে মামলা করেন।