পরিশোধন ছাড়াই পানি বোতলজাত করার দায়ে জেল-জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিশোধন ছাড়াই ওয়াসার পানি বোতলজাত করে বাজারজাত করার দায়ে মোহাম্মদপুরে চারটি পানির কারখানাকে জরিমানা ও নয়জনকে কারাদণ্ড দিয়েছেন র‍্যাব-২-এর ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান, নবীনগর হাউজিং এবং বছিলা এলাকায় রাজিব ফ্রেশ পিওর ড্রিংকিং ওয়াটার, স্মার্ট ফুড অ্যান্ড বেভারেজ, রিলেবল ড্রিংকিং ওয়াটার এবং অন্তর ড্রিংকিং ওয়াটার কারখানায় অভিযান চালিয়ে অনুমোদন সনদ পাওয়া যায়নি। প্রতিষ্ঠানগুলো পরিশোধন ছাড়াই ওয়াসার লাইনের পানি নোংরা পরিবেশে বোতলজাত করছিল। কারখানাগুলোতে কোনো বায়োকেমিস্ট বা মান নিয়ন্ত্রককে দেখা যায়নি।

এ সময় অবৈধ উপায়ে পানি বোতলজাত করে বাজারে বিপণন করার অপরাধে নয়জনকে আটক করা হয়। অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে রাজিব ফ্রেশ পিওর ড্রিংকিং ওয়াটারের ম্যানেজার মিজানুর রহমান, কর্মী মো. শাহাদাৎ এবং মারুফকে মোট ১ লাখ টাকা জরিমানা, স্মার্ট ফুড অ্যান্ড বেভারেজের ম্যানেজার মাহবুবুর রহমান ও মোস্তফাকে এক মাসের কারাদণ্ড, রিলেবল ড্রিংকিং ওয়াটারের ম্যানেজার শাহাদাৎ হোসেন, কর্মী মো. ফয়সাল ও ইমদাদুলকে এক মাস করে কারাদণ্ড এবং অন্তর ড্রিংকিং ওয়াটারের ম্যানেজার দেলোয়ার হোসেনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।