পরীক্ষা কমিটির চেয়ারম্যানকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফল প্রকাশে বিলম্ব হওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের পরীক্ষা কমিটির চেয়ারম্যানকে অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যের দপ্তর থেকে পাঠানো এক চিঠিতে ওই নির্দেশ দেওয়া হয়।জানতে চাইলে বিভাগের চেয়ারম্যান এ টি এম নুরুর রহমান প্রথম আলোকে বলেন, সময়মতো ফলাফল দিতে না পারায় পরীক্ষা কমিটি পুনর্গঠন করতে বলা হয়েছে।বিভাগের পরীক্ষা কমিটির চেয়ারম্যান বিশ্বজিৎ ঘোষ বলেন, ‘আমি নিজেই আবেদন করেছিলাম অব্যাহতি দেওয়ার জন্য।’ ফল প্রকাশে দেরি হওয়া প্রসঙ্গে তিনি বলেন, অনেকেই খাতা দেখতে বিলম্ব করেছেন এবং ফল জমা দিয়েছেন দেরিতে। এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাননি তিনি।বিভাগ সূত্রে জানা যায়, সেমিস্টার পদ্ধতির প্রথম ব্যাচ হওয়ায় অধ্যাপক বিশ্বজিৎ ঘোষকে পরীক্ষা কমিটির চেয়ারম্যান হিসেবে চার বছরের জন্য মনোনীত করা হয়েছিল।২০০৬-০৭ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থীরা গত বছরের এপ্রিলে পঞ্চম সেমিস্টার পরীক্ষা দেন। সেমিস্টার পদ্ধতির নিয়ম অনুযায়ী ২১ দিনের মধ্যে ফল প্রকাশ করার কথা। কিন্তু প্রায় ১১ মাস পর গত সপ্তাহে তাদের ফল প্রকাশ করা হয়। এ নিয়ে গত ১৩ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘নির্দিষ্ট সময়ে ফল হয় না, পিছিয়ে পড়ছে শিক্ষার্থীরা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ হওয়ার বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হারুন-অর-রশীদ বলেন, নির্দিষ্ট সময়ে ফলাফল দেওয়া বিভাগীয় কর্তৃপক্ষের দায়িত্ব। এর ব্যতিক্রম হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।