পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষায় অংশ নিতে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় গাড়ির চাপায় নিহত হয়েছেন কলেজছাত্র মামুন হোসেন (২২)। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর দয়াগঞ্জ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তিনি পুরান ঢাকার শহীদ সোহরাওয়ার্দী কলেজের ব্যবসায় প্রশাসনের (বিবিএ) দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সকালে মামুন যাত্রাবাড়ীর কাজলারপাড়ের বাসা থেকে বেরিয়ে কলেজের উদ্দেশে হেঁটে রওনা দেন। বেলা সোয়া ১১টার দিকে দয়াগঞ্জ রাস্তার মোড় পার হওয়ার সময় একটি বাস ও একটি হিউম্যান হলারের মাঝখানে চাপা পড়েন তিনি। রক্তাক্ত অবস্থায় দুপুর সোয়া ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মামুনকে চাপা দেওয়ার পরপরই পথচারীরা ‘রানী মহল পরিবহন’ নামের বাসটি ভাঙচুর করে এবং বাসের চালক আবুল কাশেমকে মারধর করে। এ সময় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক সুমন খান প্রথম আলোকে জানান, চালক আবুল কাশেমসহ বাসটি ও বাহাদুর শাহ নামের হিউম্যান হলারটি আটক করা হয়েছে।মামুনের মৃত্যুর খবরে তাঁর স্বজন ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজ মর্গে ভিড় করেন। ময়নাতদন্ত শেষে গতকাল বিকেলে মামুনের লাশ তাঁর স্বজনেরা নিয়ে যান। পরে তাঁকে কাজলারপাড় কবরস্থানে দাফন করা হয়।