পরীক্ষা দিলেন একজন ভর্তি হলেন অন্যজন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ শিক্ষাবর্ষে গণিত বিভাগে ভর্তি হন শাহরিয়ার আরেফিন। তাঁর হয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেন বন্ধু কিবরিয়া রাজন। তবে আবেদনে যেসব সনদ জমা দেওয়া হয়েছিল, সবই ছিল আরেফিনের। শুধু ছবিটা ছিল রাজনের। প্রায় এক বছর শিক্ষাজীবন চালিয়ে গিয়েছিলেন শাহরিয়ার। কিন্তু সনদ তুলতে গিয়ে গতকাল বৃহস্পতিবার তিনি কর্তৃপক্ষের কাছে ধরা পড়েছেন।গণিত বিভাগ সূত্রে জানা যায়, উচ্চশিক্ষার্থে বিদেশে যেতে গত বুধবার সকালে শাহরিয়ার আরেফিন তাঁর বিভাগে জমা দেওয়া সনদ তুলতে যান। তখন বিভাগীয় অফিসে ভর্তির আবেদনের সঙ্গে যে ছবিটি ছিল, সেটির সঙ্গে শাহরিয়ারের ছবির মিল খুঁজে পাওয়া যায়নি। এ সময় তাঁকে প্রবেশপত্র আনতে বলা হয়।গতকাল সকালে শাহরিয়ার প্রবেশপত্র নিয়ে বিভাগে আসেন। কর্তৃপক্ষ প্রবেশপত্রের সঙ্গে তাঁর ভর্তি ফরমের ছবির মিল না পেয়ে তাঁকে আটক করে।প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান প্রথম আলোকে জানান, ভর্তি পরীক্ষার পরপর প্রবেশপত্রে রাজনের ছবি বদলে নিজের ছবি যুক্ত করেন শাহরিয়ার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তাঁর অপরাধ স্বীকারও করেছেন। তাঁকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।