পরীক্ষা ভালো হয়নি বলে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহৎযা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাজারীবাগের বাড্ডানগর এলাকার একটি বাসা থেকে শুভ্রা নাভিলা রহমান (১৭) নামের এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রথম আলোকে বলেন, গত শনিবার রাতে ৫২/সি বাড্ডানগর লেনের টিনশেড বাসায় নাভিলা নিজের কক্ষে পড়াশোনা করছিলেন। এ সময় তাঁর মা পাশের কক্ষে সেলাইয়ের কাজ করছিলেন। মা ভেবেছিলেন, শব্দের কারণে নাভিলা কক্ষের দরজা বন্ধ করে দিয়েছে। দীর্ঘক্ষণ সাড়াশব্দ না পেয়ে তিনি দরজার সামনে গিয়ে ডাকাডাকি শুরু করেন। এতেও কোনো সাড়া না পেয়ে তিনি জানালার ফাঁক দিয়ে নাভিলাকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। ওই অবস্থা থেকে দ্রুত নামিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার নাভিলা ব্যবস্থাপনা পরীক্ষা দেন। পরীক্ষা ভালো না হওয়ায় তিনি বিষণ্ন ছিলেন। তাঁর বাবা সিকদার মুজিবুর রহমান জজ আদালতের একজন মুহুরী। তাদের গ্রামের বাড়ি বরিশাল জেলার গৌরনদী উপজেলায়। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।