পরীক্ষাবিহীন সুপেয় পানি বিক্রির দায়ে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই সুপেয় পানি উত্পাদন ও বাজারজাত করে আসছিল প্রতিষ্ঠানটি। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত রাজধানীর তেজগাঁও থানার ১১ নম্বর গার্ডেন রোড কাজীপাড়া এলাকায় আনিসুজ্জামানের মালিকানাধীন ‘এ ওয়ান ফুড অ্যান্ড বেভারেজ’ নামক সুপেয় পানি উত্পাদনকারী প্রতিষ্ঠানে অভিযান চালালে বিষয়টি ধরা পড়ে। সেখানে বিএসটিআইয়ের লাইসেন্সবিহীন সুপেয় পানি তৈরি হচ্ছিল, যা ইতিমধ্যে বাজারজাত করেছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া সেখানে পরীক্ষাগারের জন্য ছোট একটি কক্ষ ও কিছু যন্ত্রপাতি রাখা হলেও সেগুলো ধূলো-বালিতে ময়লা হয়ে আছে। সেখানে কোনো কেমিস্ট খুঁজে পাওয়া যায়নি। পানি শোধনাগারের যেসব যন্ত্র রাখা আছে তার অধিকাংশই অকেজো অবস্থায় পড়ে রয়েছে।বিএসটিআইয়ের মাঠ কর্মকর্তা এস এম আবু সাঈদ জানান, পানি উত্পাদনকারী প্রতিষ্ঠানটি বিএসটিআই থেকে লাইসেন্স গ্রহণ করেছিলেন। গত জুন মাসে এর মেয়াদ শেষ হলেও নতুন করে নবায়ন করেনি। এ ছাড়া নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে পানি উত্পাদন করে আসছিলেন তাঁরা। এ প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন আদালত। লাইসেন্স না পাওয়া পর্যন্ত উত্পাদন বন্ধ রাখার জন্য ওই প্রতিষ্ঠানটিকে সিলগালা করে দেওয়া হয়। এ অভিযানে সহায়তা করে বিএসটিআইয়ের চার কর্মকর্তা, র্যাব-২ ও মহানগর দাঙ্গা পুলিশের একটি দল। নকল ওরস্যালাইন, টেস্টি স্যালাইন, গ্লুকোজ ও লজেন্স তৈরির কারখানা আবিষ্কার করেছে র্যাবের ভেজালবিরোধী অভিযানের কর্মকর্তারা। রাজধানীর মহাখালীর রসুলবাগে এ কারখানার সন্ধান পাওয়া যায়। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা খবর পান যে, মহাখালী রসুলবাগ এলাকার আশ কেমিক্যাল কোম্পানি নামক একটি প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের স্যালাইন তৈরি করা হচ্ছে। ওই সংবাদের ভিত্তিতে তাঁদের একটি দল ঘটনা সম্পর্কে নিশ্চিত হয়। গতকাল দুপুরের দিকে ওই কারখানায় অভিযান চালানো হয়। কারখানার মালিক মোতাহার হোসেন পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। এ অভিযানে সহায়তা করে বিএসটিআই ও র্যাব-৪-এর একটি দল। বিএসটিআইয়ের মাঠ কর্মকর্তা কাউছার আহমেদ খান জানান, ওই কারখানায় ম্যাক্স ও জেএস নাম দিয়ে তৈরি করা খাবার স্যালাইন, টেস্টি স্যালাইন, ডেক্সট্রোজ গ্লুকোজ ও স্টেবসিল জাতীয় লজেন্সসহ বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়েছে। কেব্ল অপারেটরকে জরিমানা: কেব্ল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন লঙ্ঘনের অভিযোগে এবার প্রথমবারের মতো অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রাজধানীর মগবাজারের একটি কেব্ল অপারেটর কার্যালয়ে অভিযান চালিয়ে জরিমানা করেছেন আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীন প্রথম আলোকে বলেন, গতকাল দুপুর দুইটার দিকে রাজধানীর ১৬৪/২ বড় মগবাজারে অবস্থিত হাসান কামরুল রাকীবের মালিকানাধীন মারজুক এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। ওই প্রতিষ্ঠান কেব্ল নেটওয়ার্ক পরিচালনা আইন ২০০৬-এর ধারা অনুযায়ী বাংলাদেশ টেলিভিশন থেকে ২০০৮ সাল পর্যন্ত লাইসেন্স গ্রহণ করে। গত ২০০৮ সালের ৩১ ডিসেম্বর লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে। কিন্তু প্রতিষ্ঠানের পক্ষ থেকে তা আর নবায়ন করেনি। এ কারণে ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি বলেন, লাইসেন্স গ্রহণ এবং কেব্ল টেলিভিশন পরিচালনা আইনের সব ধারা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।’