রাজধানীর পরীবাগে গতকাল বৃহস্পতিবার ভোরে মোর্শেদা আক্তার (১৪) নামের এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ এ ঘটনায় গৃহকর্তা মাহমুদ চৌধুরীকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। তিনি সাভার কলেজের কম্পিউটার বিভাগের প্রভাষক।শাহবাগ থানা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, ভোরে পরীবাগের প্রিয়াঙ্গন অ্যাপার্টমেন্টের চতুর্থ তলার একটি ফ্ল্যাটের লোকজন মোর্শেদাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গৃহকর্তা মাহমুদ পুলিশকে বলেছেন, গত বুধবার রাতের খাবারের পর মোর্শেদা ও অপর গৃহকর্মী একই কক্ষে ঘুমাতে যায়। সেহিরর সময় থেকে মোর্শেদাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বাসার একটি বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। সন্দেহ হলে দরজা ভেঙে দেখা যায়, মোর্শেদা বাথরুমের মেঝেতে পড়ে আছে। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ঘটনাটি রহস্যজনক। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় গৃহকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মোর্শেদা ময়মনসিংহের ধোবাউড়া গ্রামের আবদুল সাধুর মেয়ে।