পরীবাগে পাঁচ মাস ধরে পানির সমস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীবাগ জামে মসজিদ এলাকায় ঢাকা ওয়াসার সরবরাহ করা পানি পাচ্ছে না এলাকাবাসী। পাঁচ মাস ধরে চলছে এ সমস্যা। স্থানীয় ব্যক্তিরা ওয়াসার কাছ থেকে নগদ টাকায় পানি কিনে বিকল্প উপায়ে দৈনন্দিন কাজ চালাচ্ছেন।
গতকাল সোমবার সেখানে গিয়ে জানা যায়, পরীবাগ জামে মসজিদের পেছনের গলিসহ আশপাশের ১০টি বহুতল ভবনে দীর্ঘদিন ধরে ওয়াসার সরবরাহ করা পানি যাচ্ছে না। এর মধ্যে পরীবাগ অ্যাপার্টমেন্ট, আলম ভবন, মডিউল জেনারেল হাসপাতাল, ওরিয়েন্টাল টাওয়ার, ভাদুরী টাওয়ার, প্রিয় প্রাঙ্গণ, প্রোটি হোমস ও পরীবাগ জামে মসজিদে পানির সমস্যা সবচেয়ে বেশি। এই ভবনগুলোয় প্রায় ১০০ পরিবারের বসবাস। চলতি বছরের শুরু থেকেই তাদের দৈনন্দিন পানি ব্যবহারের চাহিদা পূরণ হচ্ছে না। ভবনমালিকদের ব্যক্তিগত উদ্যোগে কেনা মজুত পানিও পর্যাপ্ত নয়।
জানা গেছে, পরীবাগ এলাকায় পানির সমস্যা শুরু হয় ২০০৩ সালে। তারপর বিভিন্ন সময়ে অস্থায়ীভাবে সমস্যার সমাধান করা হলেও স্থায়ী কোনো সমাধান হয়নি। প্রতিবছরই পাঁচ-ছয় মাস ধরে পানির সমস্যা থাকে। কোনো কোনো বছর তা আরও বেড়ে যায়। এ বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে অনেকবার ওয়াসাকে লিখিত অভিযোগ জানানো হয়েছে। শাহবাগ-পরীবাগ উন্নয়ন ও কল্যাণ পরিষদের সভাপতি পরীবাগ ১/আই ভবনের মালিক সামসুল আলম প্রথম আলোকে বলেন, ‘সারা বছরই পানির সমস্যা থাকে। এ বছর ভোগান্তি একটু বেশিই হচ্ছে। প্রতি মাসে বিল আমরা ঠিকই দিচ্ছি, তাহলে ওয়াসা কেন নিয়মিত পানি সরবরাহ করছে না? পানি কিনে ব্যবহার করতে গেলে অনেক খরচ পড়ে যায়।’
স্থানীয় ব্যক্তিরা বলেন, ওয়াসার সংযোগে পানির প্রবাহ নেই, সরবরাহ নেই। তারপরও প্রতি মাসে পানির বিল পরিশোধ করতে হচ্ছে। বিল না দিলে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। গত এপ্রিল মাসে শাহবাগ-পরীবাগ উন্নয়ন ও কল্যাণ পরিষদের উদ্যোগে ভুক্তভোগী বাসিন্দারা পরীবাগে একটি মানববন্ধনের আয়োজন করে পানির সংকট নিরসনের দাবি জানান। পরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কাছে সমস্যা সম্পর্কে একটি লিখিত আবেদনপত্র জমা দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা এবং উন্নয়ন ও কল্যাণ পরিষদ বলেছে, ফকিরাপুল পানির ট্যাংক থেকে পরীবাগ এলাকায় পানি সরবরাহ করা হয়। সরবরাহ করা পানি প্রয়োজনের তুলনায় খুবই কম। হাতিরপুল কাঁচাবাজারের নিচ দিয়ে চলে গেছে সায়েদাবাদ প্রকল্পের পানির সংযোগ। ওই সংযোগের পার্শ্ব-সংযোগের সঙ্গে পরীবাগ এলাকার পানির সংযোগ করে দিলে সংকট থাকবে না।
মডিউল জেনারেল হাসপাতালের মহাব্যবস্থাপক আক্তার হোসেন বলেন, ‘আমরা পানি কিনে ব্যবহার করছি। প্রতিদিন দু-তিন গাড়ি পানি কিনতে হয়। পানি না থাকলে হাসপাতালে কত সমস্যা হয়, তা বলে বোঝাতে পারব না।’
আরও জানা যায়, ওয়াসার কাছ থেকে সাড়ে ছয় হাজার লিটারের এক গাড়ি পানি কিনতে লাগে ছয় শত টাকা। কয়েকজন ভবনমালিক ওয়াসার ওপর ভরসা না করে ব্যক্তি উদ্যোগে গভীর নলকূপ বসিয়ে বাসিন্দাদের পানির চাহিদা পূরণ করছেন। এ ব্যাপারে জানতে চাইলে ডিএসসিসির ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এম এ হামিদ খান প্রথম আলোকে বলেন, ‘বিষয়টা আমি জানি। ওয়াসা কর্তৃপক্ষকেও জানিয়েছি। তারা সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছে। সাময়িকভাবে হয়তো পানি সরবরাহ ঠিক করে দেবে; কিন্তু স্থায়ী সমাধান হবে কি না, সে বিষয়ে আমি নিশ্চিত নই। এই এলাকার পানির সমস্যা সমাধানে একটি স্থায়ী ও কার্যকর উপায় খুঁজে বের করতে হবে।’