পরীবাগের ফুটপাত বেদখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পরীবাগের ফুটপাতটি এখন ভাসমান মানুষের দখলে। পা ফেলার জায়গাও নেই। ফুটপাতজুড়ে ছোট ছোট চা-শিঙাড়ার দোকান, ভ্রাম্যমাণ হকারের আস্তানা বা ভাসমান মানুষের পলিথিনের ছাপরা ঘর। শাহ সাহেব রোড নামে পরিচিত এই রাস্তা এলিফ্যান্ট রোড থেকে চলে গেছে পরীবাগ। আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেটের পশ্চিম পাশ দিয়ে যাওয়া এই রাস্তায় সবাই চলে এক দিক দিয়ে। কারণ, দ্বিমুখী এই রাস্তার এক দিকের পুরোটাই রিকশা-ভ্যানের গ্যারেজ। তার পেছনে বেশ মজবুত করে ছাপরা ঘর তৈরি করে নিয়েছেন জরিনা, রেহেলা, কুলসুম বেগমরা। পেছনে জাতীয় রিকশা-ভ্যান শ্রমিক লীগের কার্যালয়। দুই পাশের রিকশা-ভ্যান গ্যারেজের মালিকও মূলত তাঁরা। আওয়ামী লীগের ওই অঙ্গসংগঠনের প্রভাব এলাকায় যথেষ্ট। কার্যালয়টি সম্পর্কে কাউকে জিজ্ঞেস করলে বিষয়টি এড়িয়ে যান তাঁরা। একজন ভ্যানচালক জানান, এই এলাকায় কোনো চুরি-চামারি হয় না। ফুটপাতের চা দোকানি রহমত মিয়া বলেন, ‘এখানে এই ব্যবসা করছি বছর চারেক ধরে। কখনো কোনো সমস্যা হয় না।’রাস্তার সড়ক বিভাজকের ওপর তৈরি অস্থায়ী ছাপরা ঘরের মালিক ভোলা থেকে আসা জরিনা বেগম বলেন, ‘জামাই মরণের পর দুই মাইয়ারে লইয়া এইহানে চইলা আইছি। এইহানে ঘর তুলছি।’ তিনি রাস্তায় রাস্তায় কাগজ কুড়ান। সন্ধ্যায় তা বিক্রি করে যা অর্থ পান, তাতেই তিন মা-মেয়ের পেট চলে। এক বছর ধরে তিনি এখানেই থাকছেন। এই ছাপরা ভাড়া দিনপ্রতি ৩০ টাকা। দিনের ভাড়া দিনেই শোধ করেন তিনি। এই টাকা কাকে দেন, তা তিনি জানাতে চাননি।বাঁ পাশের রাস্তায় রয়েছে বড় দুটি ডাস্টবিন। নোংরা আবর্জনায় ভরা রাস্তায় বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয়। প্রায় বাধ্য হয়েই পথচারীরা দ্বিমুখী এই সড়কের বাঁ দিক দিয়ে চলাচল করেন। টহল পুলিশের কাছেও বিষয়টি স্বাভাবিক। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থায়ী বাসিন্দা বলেন, ইস্টার্ন প্লাজা ও এলিফ্যান্ট রোডের প্রায় সার্বক্ষণিক যানজট কিছুটা হলেও কমাতে এই রাস্তা জরুরি।রাস্তা ও অবৈধ স্থাপনা বিষয়ে জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘রাস্তার সমস্যা থাকলে তা মেরামত বা সংরক্ষণের ব্যবস্থা ডিসিসি করবে। কিন্তু উচ্ছেদের দায়িত্ব আমাদের নয়, সেটা পুলিশের কাজ।’