পরীমনিকে রিমান্ডে নেওয়া নিয়ে স্বতঃপ্রণোদিত রুল চেয়ে হাইকোর্টে আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা পরীমনিকে তিন দফায় সাত দিন রিমান্ডে নেওয়ার প্রেক্ষাপটে স্বতঃপ্রণোদিত রুল চেয়ে হাইকোর্টে আবেদন করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চে আজ রোববার আবেদনটি দাখিল করার কথা জানান আইনজীবী।

আদালত বলেছেন, ‘রুল রিটার্ন (পরীমনির জামিন আবেদন শুনানি প্রশ্নে রুল) হয়ে আসুক, এরপর দেখব।’ একই বেঞ্চে পরীমনির জামিন আবেদন দ্রুত শুনানির প্রশ্নে রুল শুনানির জন্য ১ সেপ্টেম্বর দিন ধার্য রয়েছে।

এর আগে বনানীতে পরীমনির বাসায় অভিযান চালিয়ে ৪ আগস্ট তাঁকে আটক করা হয়। পরে বনানী থানায় পরীমনির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে র‍্যাব। এরপর তিন দফায় পরীমনিকে মোট সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তিনি এখন কারাগারে। এরপর তাঁকে আদালতে হাজির করা হলে তিনি জামিন চান।

১৯ আগস্ট পরীমনির জামিন আবেদন নাকচ করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। এর বিরুদ্ধে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন পরীমনি। এই আদালত ১৩ সেপ্টেম্বর শুনানির দিন রাখেন। পরদিন আবেদন ‘আর্লি হিয়ারিং’ বা নির্ধারিত সময়ের আগে শুনানি চেয়ে আবেদন করেন তাঁর আইনজীবী। এতে ফল না পেয়ে ২২ আগস্টের ঢাকার মহানগর দায়রা জজ আদালতের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ও অন্তর্বর্তীকালীন জামিন চেয়ে ২৫ আগস্ট হাইকোর্টে আবেদন করেন পরীমনি। পরদিন আবেদনটি শুনানির জন্য ওঠে।

শুনানি নিয়ে ২৬ আগস্ট হাইকোর্টের একই বেঞ্চ রুল দেন। রুলে জামিন আবেদন শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর নির্ধারণ করে মহানগর দায়রা জজ আদালতের দেওয়া আদেশ কেন বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। জামিন আবেদনের শুনানি দ্রুত (আর্লি হিয়ারিং) তথা দুই দিনের মধ্যে করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা–ও জানতে চাওয়া হয় রুলে। সেই সঙ্গে ১ সেপ্টেম্বর রুল শুনানির দিন রাখা হয়। পরীমনিকে আদালতে হাজির করা ও রিমান্ডে নেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ আদালতের আদেশ অনুসরণ করা হয়নি উল্লেখ করে সেদিন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না স্বতঃপ্রণোদিত আদেশ দেওয়ার কথা বলেন। এরপর আজ আসকের পক্ষে আবেদনটি দাখিল করা হলো। জেড আই খান পান্না আসকের নির্বাহী সদস্য।
আদালতের কার্যক্রম শুরু হলে আইন ও সালিশ কেন্দ্রের আইনজীবী মো. শাহীনুজ্জামান বলেন, জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না গত বৃহস্পতিবার স্বতঃপ্রণোদিত আদেশের জন্য বিষয়টি (পরীমনিকে রিমান্ডে নেওয়া) উল্লেখ করেছিলেন। আবেদনটি আদালতে জমা দেওয়া হয়েছে। এ সময় আদালত বলেন, ‘রুল রিটার্ন (শুনানির জন্য) হয়ে আসুক, পরে দেখব।’

আবেদনের ভাষ্য, তিন দফায় সাত দিনের মধ্যে প্রথমে চার দিন, দ্বিতীয় দফায় দুই দিন ও তৃতীয় দফায় পরীমনিকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়। গুরুতর প্রকৃতির অপরাধের ক্ষেত্রে সাধারণত দীর্ঘ সময় রিমান্ডে নেওয়া হয়ে থাকে। জাতীয় নিরাপত্তা বা জনগুরুত্ব বিষয়ে গুরুতর মামলায় আদালতের এত দিনের রিমান্ডের অনুমতি দিতে দেখা যায়। পরীমনিকে এত দিনের রিমান্ডে নেওয়া সংবিধানের চেতনা, মৌলিক অধিকার ও সুপ্রিম কোর্টের নির্দেশনার (আটক ও রিমান্ড–সংক্রান্ত) লঙ্ঘন।

এসব দিক বিবেচনায় স্বতঃপ্রণোদিত রুল চাওয়া হয়েছে আবেদনে। সংশ্লিষ্ট আদালতের ম্যাজিস্ট্রেটের সাত দিনের রিমান্ড মঞ্জুর করা এবং তিন দফায় পরীমনির ১৯ দিন রিমান্ডের প্রার্থনা কেন বেআইনি হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়েছে। আদালতে পরীমনিকে কথা বলার সুযোগ না দেওয়া কেন বেআইনি হবে না, তা নিয়েও রুল চাওয়া হয়েছে। আসকের পক্ষে আবেদনটি করেছেন আইনজীবী সৈয়দা নাসরিন।