পলওয়েলের আয় বাড়াতে মনোযোগী হতে বললেন আইজিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ
ফাইল ছবি

পুলিশের সমবায় সমিতি পলওয়েলের আয় বাড়ানোয় আরও মনোযোগী হতে সদস্যদের আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। আজ বুধবার বাংলাদেশ পুলিশ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড-পলওয়েল–এর ৫৩তম বার্ষিক সাধারণ সভায় তিনি এ কথা বলেন।

সভাটি অনুষ্ঠিত হয় পুলিশ সদর দপ্তরের হল অব ইন্টেগ্রিটিতে।

সভাপতির বক্তব্যে আইজিপি বলেন, পলওয়েল দেশের একটি অতি প্রাচীন ঐতিহ্যবাহী সমবায় প্রতিষ্ঠান। পলওয়েলের যে সম্পদ ও সম্ভাবনা রয়েছে সে নিরিখে এর আরও অনেক ভালো করার সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, জনগণের সেবায় নিয়োজিত পুলিশ বাহিনীর কল্যাণে তারা বহুমুখী পদক্ষেপ নিতে যাচ্ছে।

আইজিপি ও পলওয়েল চেয়ারম্যান বেনজীর আহমেদ পলওয়েল মার্কেটের কাঠা‌মোগত সম্প্রসারণ, লাভজনক নতুন নতুন খাতকে পলওয়েলের আওতায় আনা ও বি‌নি‌য়োগ কার্যক্রমে সন্তোষ প্রকাশ ক‌রেন। তিনি পলওয়েল মার্কেট মাল্টিপারপাস ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া এবং সমিতির কাজ আরও বাড়াতে পলওয়েলের অধীনে প্রাইভেট কোম্পানি করে স্টক মার্কেটে তালিকাভুক্তির দিকনির্দেশনা দেন।

সভায় র‌্যাব ফোর্সেসের মহাপরিচালক ও পলওয়েলের ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ২০১৯-২০ অর্থবছরের প্রতিবেদন উপস্থাপন করেন।

সভায় পলওয়েলের পরিশোধিত মূলধনের ওপর ২০১৯-২০ অর্থবছরে ৩০ ভাগ হারে লভ্যাংশ ঘোষণা করা হয়। সভার শুরুতে পলওয়েলের ৬০ বছরের কার্যক্রমের ওপর একটি তথ্যচিত্র দেখানো হয়।