পলাতক আসামিদের দেশে এনে রায় কার্যকরের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু হত্যা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। একই সঙ্গে ওই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী যেসব দেশি-বিদেশি রাজনৈতিক ও অন্যান্য শক্তি ছিল তাদের চিহ্নিত করে, কমিশন গঠনের মাধ্যমে শাস্তি বিধানের দাবি জানান সিপিবি নেতারা।গতকাল শনিবার রাজধানীর পুরানা পল্টনে মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে সিপিবি আয়োজিত আলোচনা সভায় সরকারের প্রতি এসব দাবি জানানো হয়। পার্টির সভাপতি মনজুরুল আহসান খানের সভাপতিত্বে সভা পরিচালনা করেন আহসান হাবীব। সভার শুরুতে বঙ্গবন্ধু ও ’৭৫-এর ১৫ আগস্টে শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।মনজুরুল আহসান খান বলেন, তোরণ নির্মাণ করে নয়, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করেই তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন করতে হবে। তিনি সব চিহ্নিত যুদ্ধাপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার কার্যকরসহ ’৭২-এর সংবিধানের মূলভিত্তি পুনঃ প্রতিষ্ঠার দাবি জানান। সরকারকে সর্তক করে দিয়ে তিনি আরও বলেন, বিদ্যুৎ, পোশাকশ্রমিকদের দাবি, গ্যাস, পানি, যানজট, দ্রব্যমূল্য নিয়ে জনজীবনের সংকটের মুখে বিক্ষোভ-আন্দোলন দমন-পীড়ন করে বন্ধ করা যাবে না। জনজীবনের এসব সংকট মোচনের জন্য সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, যুদ্ধাপরাধীদের বিচার এবং ’৭২-এর সংবিধানের প্রশ্নে সরকারকে দৃঢ় অবস্থান নিতে হবে।সভায় বক্তারা সরকারি দলের মধ্যে টেন্ডারবাজি, তোষামোদির দল এবং মোশতাকপন্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।সভায় উপস্থিত ছিলেন সিপিবির নেতা শামসুজ্জামান সেলিম, অধ্যাপিকা এ এন রাশেদা, মাহবুব আলম, জাহিদ হোসেন খান, ছাত্রনেতা ফেরদৌস আহমেদ উজ্জল প্রমুখ।