পলাতক এক কর্মকর্তাকে নিয়ে কর্তৃপক্ষের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার হাফেজ আহমদ নোমানকে দেখামাত্র পুলিশকে তাঁর অবস্থান সম্পর্কে জানানোর নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জালিয়াতিসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত ওই কর্মকর্তা বর্তমানে পলাতক রয়েছেন। গত ১৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের এক আদেশে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক দপ্তরে কর্মরত সহকারী রেজিস্ট্রার হাফেজ আহমদ নোমানের বিরুদ্ধে মুখ্য মহানগর হাকিমের আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। তিনি পলাতক আছেন। তাই তাঁকে বিশ্ববিদ্যালয়ে দেখামাত্রই পুলিশকে তাঁর অবস্থান সম্পর্কে অবহিত করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরকে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।হাফেজ আহমদের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা আত্মসাৎ, বিশ্ববিদ্যালয় থেকে সনদ ও নম্বরপত্র দেওয়া এবং ফেল করা পরীক্ষার্থীকে পাস করিয়ে দেওয়ার নামে অর্থ আত্মসাতের বেশ কিছু অভিযোগ আছে। ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত দীর্ঘ প্রায় তিন বছর তিনি বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। এই দীর্ঘ সময় বিনা অনুমতিতে অনুপস্থিত থেকেও তিনি নিয়মিত বেতন তোলেন এবং তাকে সহকারী রেজিস্ট্রার হিসেবে পদোন্নতি দেওয়া হয়। ঘুষ নেওয়া ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে হাফেজ আহমদের বিরুদ্ধে একাধিক সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগীরা। গাজীপুর এলাকায় সরকার দলীয় পরিচয় দেওয়া কিছু প্রভাবশালী ব্যক্তি নোমানের সহযোগী হিসেবে কাজ করছেন বলে অভিযোগ রয়েছে। ওই সব ব্যক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ওপর প্রভাব বিস্তার করে আসছেন। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, অফিস আদেশ জারির পরদিনই বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড থেকে কে বা কারা ওই আদেশটি সরিয়ে ফেলে। তবে ওই অফিস আদেশ বলবৎ আছে। তিনি আরও জানান, হাফেজ আহমদ প্রায়ই বিশ্ববিদ্যালয়ে আসেন। হাজার হাজার ছাত্রের নম্বরপত্র ও সনদ বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত থাকে। এ অবস্থায় হাফেজ আহমদের আসা-যাওয়া বিশ্ববিদ্যালয়ের জন্য হুমকি।গত বছর মে মাসে প্রথম আলোয় হাফেজ আহমদ নোমানের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।