পলাতক দুই আসামির বিষয়ে আবেদন, শুনানি আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতা হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের ওপর আজ বুধবার শুনানি হওয়ার কথা। গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ বিষয়টি শুনানির জন্য আজ দিন ধার্য করেন।আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা মামলা পরিচালনা করেন। পরে মাহবুবে আলম প্রথম আলোকে বলেন, দুই আসামির বিষয়ে আপিল করা হয়েছে। এ দুই আসামি দফাদার মারফত আলী শাহ ও দফাদার মো. আবুল হাশেম মৃধা মামলার শুরু থেকে পলাতক। আইনের বিধান অনুসারে পলাতক ব্যক্তির প্রতি নোটিশ জারি করা থেকে আদালত অব্যাহতি দিতে পারেন। এ বিষয়ে গতকাল দরখাস্ত করা হয়েছে। এই দরখাস্ত ও আপিলের ওপর আজ শুনানি হবে।গত ৪ নভেম্বর রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ ১১ ডিসেম্বর আপিল শুনানির দিন ধার্য করেছিলেন। এতে একাধিক আসামিকে খালাস করে দেওয়া হাইকোর্টের রায় বাতিল ও নিম্ন আদালতের সাজা বহাল রাখার আরজি রয়েছে। গতকাল বিষয়টি আদালতের কার্যতালিকার ৫ নম্বর ক্রমিকে অন্তর্ভুক্ত ছিল।১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে হত্যা করা হয়। পরদিন এ ব্যাপারে লালবাগ থানায় একটি হত্যা মামলা করা হয়। ২০০৪ সালের ২০ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ আদালত রায় দেন। রায়ে পলাতক আসামি রিসালদার মোসলেহ উদ্দিন, দফাদার মারফত আলী শাহ ও দফাদার মো. আবুল হাশেম মৃধাকে মৃত্যুদণ্ড এবং ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়। ২০০৮ সালের ২৮ আগস্ট হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মারফত আলী শাহ ও আবুল হাশেম মৃধাকে বেকসুর খালাস দেওয়া হয়। যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া ১২ জনের মধ্যে চারজনকে অব্যাহতি দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ পৃথক লিভ টু আপিল করলে আদালত তা মঞ্জুর করেন। আপিলের সারসংক্ষেপ প্রস্তুত করে রাষ্ট্রপক্ষ গত ৪ নভেম্বর শুনানির দিন নির্ধারণের জন্য আবেদন করে।জেলহত্যা মামলায় হাইকোর্টে অব্যাহতি পাওয়া চারজন—সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, বজলুল হুদা ও এ কে এম মহিউদ্দিন আহমেদের ইতিমধ্যে বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসি কার্যকর হয়েছে।