পলাশী ও নিউমার্কেটে ১৭ জনকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিভিন্ন মার্কেটে ভ্রাম্যমাণ আদালত একাধিকবার অভিযান চালানোর পরও বন্ধ হচ্ছে না পলিথিন শপিং ব্যাগের ব্যবহার। গতকাল বৃহস্পতিবারও ভ্রাম্যমাণ আদালত রাজধানীর পলাশী ও নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পলিথিন ব্যাগ জব্দ করেন।গতকাল দুপুরে ভ্রাম্যমাণ আদালত রাজধানীর পলাশী ও নিউমার্কেট কাঁচাবাজারে অভিযান চালান। সেখানে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ বিক্রি ও বিক্রির উদ্দেশে মজুদ রাখার অপরাধে ১৭ জনকে ৯৭ হাজার টাকা জরিমানা করেন। এ সময় বিপুল পরিমাণ পলিথিন ব্যাগ জব্দ করা হয়। পরিবেশ অধিদপ্তরের পরিচালক সুকুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, অভিযানকালে পলিথিন ব্যাগবিরোধী লিফলেট বিতরণ ও দোকানে দোকানে সেঁটে দেওয়া হয় এবং এর অপপ্রয়োগ সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে মাইকিং করা হয়। এ সময় জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার নামক একটি বেসরকারি সংস্থা স্বল্পমূল্যের পরিবেশবান্ধব শপিং ব্যাগ বিপণন করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান। এ সময় পরিবেশ অধিদপ্তর ও মহানগর দাঙ্গা পুলিশ উপস্থিত থেকে আদালতকে সহায়তা করে।