পলিটেকনিক শিক্ষকদের কর্মসূচি স্থগিত
শিক্ষকদের শূন্য পদ পূরণসহ আট দফা দাবিতে আন্দোলনরত বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি ও পলিটেকনিক শিক্ষক পরিষদ তাদের কর্মসূচি স্থগিত করেছে। গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে দুই সংগঠনের নেতারা শিক্ষাসচিবের চলতি দায়িত্বে থাকা এস এম গোলাম ফারুকের সঙ্গে ফলপ্রসূ আলোচনার পরিপ্রেক্ষিতে আন্দোলনের সব কর্মসূচি স্থগিত করেন। মন্ত্রণালয় ও আন্দোলনরত দুই সংগঠনের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।পলিটেকনিক শিক্ষক সমিতির সভাপতি ইদরীস আলী প্রথম আলোকে বলেন, তাঁদের দাবি পূরণে সরকার ইতিবাচক মনোভাব দেখিয়েছে এবং কীভাবে দাবিগুলো পূরণ করা যায়, সে বিষয়ে প্রতিবেদন দিতে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল খান চৌধুরীকে প্রধান করে গঠিত কমিটির সদস্যরা হলেন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ। কমিটিকে এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তিনি বলেন, ‘সরকারের আশ্বাসে আমরা কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছি।’ আলোচনায় অংশ নেওয়া নেতাদের মধ্যে আরও ছিলেন, পলিটেকনিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র সিকদার প্রমুখ। এ সময় মন্ত্রণালয় ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আট দফা দাবিতে এই দুই সংগঠনের ডাকে পলিটেকনিক শিক্ষকেরা গত ৮ জানুয়ারি থেকে আন্দোলন করে আসছেন।