পলিথিন কারখানা ও গুদাম সিলগালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত গতকাল বুধবার পুরান ঢাকার দেবীদাস ঘাট লেনের পলিথিন কারখানা ও গুদামে অভিযান চালিয়েছেন। আদালত একটি কারখানা ও একটি গুদাম সিলগালা করে দিয়েছেন।বেলা একটার দিকে আদালত ৩০ দেবীদাস ঘাট লেনের বন্ধন প্লাস্টিক নামের একটি কারখানায় অভিযান চালান। অভিযানের খবর পেয়ে বন্ধন প্লাস্টিকসহ আশপাশের পলিথিনের কারখানার মালিক ও শ্রমিকেরা কারখানায় তালা দিয়ে পালিয়ে যান। পরে আদালতের নির্দেশে তালা ভাঙা হয়।আদালত দেখতে পান, কারখানায় নিষিদ্ধঘোষিত বিপুল পরিমাণ ছোট আকারের পলিথিন ব্যাগ তৈরি হচ্ছিল।পরে কারখানার মালিক সমিতির লোকজন নিয়ে আদালতের সামনে হাজির হন। আদালত প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং কারখানা সিলগালা করে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের হেফাজতে দেন।আদালত এরপর ইউসুফ আলীর পলিথিন ব্যাগের গুদামে অভিযান চালান। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় সেটি সিলগালা করা হয়।পরে আদালত ওয়াটারওয়ার্কস রোডের শাহিন টিপি প্যাকেজিং এবং শাখাওয়াত হোসেনের মালিকানাধীন প্রতিষ্ঠানে অভিযান চালান। মালিকপক্ষ দাবি করেন, সরকারি অনুমোদন নিয়েই তাঁরা পলিথিন উৎপাদন করছেন।পরিবেশ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক সুকুমার বিশ্বাস বলেন, পলিথিন কারখানাগুলো পরিবেশ অধিদপ্তরের সনদ না নিয়ে অবৈধভাবে পলিথিনের ব্যাগ উৎপাদন ও মজুদ করে আসছিল। অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক সুকুমার বিশ্বাস ও ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট রহিমা খাতুনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।