পলিথিন কারখানার বাজেয়াপ্ত যন্ত্র পরিবেশ অধিদপ্তরে নেওয়া হয়েছে
পুরান ঢাকার লালবাগের ডুরি আঙ্গুর লেনের একটি পলিথিন কারখানার বাজেয়াপ্ত করা চারটি যন্ত্র গতকাল বৃহস্পতিবার খুলে পরিবেশ অধিদপ্তরে নেওয়া হয়েছে। পরে এগুলো নিলামে বিক্রি করা হবে। ভ্রাম্যমাণ আদালত গত সোমবার ওই কারখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের কারণে এসব যন্ত্র ও কাঁচামাল বাজেয়াপ্ত করে কারখানাটি সিলগালা করেছিলেন।গতকাল বেলা পৌনে দুইটার দিকে ভ্রাম্যমাণ আদালত ডুরি আঙ্গুর লেনে মিন্টু মিয়ার মালিকানাধীন ওই কারখানায় যান। ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীনের নেতৃত্বে এই আদালতের সঙ্গে ছিলেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, বিপুলসংখ্যক দাঙ্গা পুলিশ, র্যাব, লালবাগ থানার পুলিশ এবং বেশ কয়েকজন শ্রমিক। আদালতের নির্দেশে কারখানার চারটি যন্ত্র খুলে গাড়িতে তুলে পরিবেশ অধিদপ্তরে নেওয়া হয়।জানা গেছে, আদালতের নির্দেশে বুধবার র্যাব, দাঙ্গা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের লোকজন ওই যন্ত্রগুলো খুলে আনতে গেলেও স্থানীয়দের চাপের মুখে না খুলেই তাঁরা ফিরে আসতে বাধ্য হন। পরে গতকাল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যন্ত্রগুলো খুলে আনা হয়। স্থানীয় এক ব্যক্তি জানান, ওই কারখানায় চারটি যন্ত্র নতুন করে স্থাপন করতে হলে প্রায় ২৫ লাখ টাকা লাগবে।নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীন প্রথম আলোকে বলেন, গত সোমবার ওই কারখানায় অভিযান চালানো হয়েছিল। তখন সেখানে পলিথিন উৎপাদন করতে দেখা যায়। ওই কারখানার বিপুল পরিমাণ পলিথিন ব্যাগ জব্দ এবং যন্ত্রপাতি তাৎক্ষণিক বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছিল। এরই অংশ হিসেবে গতকাল কারখানার যন্ত্রপাতি খুলে আনা হয়। এগুলো কেজি দরে বিক্রি করা হবে।পরিবেশ অধিদপ্তরের ঢাকা বিভাগের পরিচালক সুকুমার বিশ্বাস জানান, ভ্রাম্যমাণ আদালতের নির্দেশ বাস্তবায়ন করতে গতকাল তাঁরা আদালতের ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কারখানার যন্ত্রপাতি খুলে আনেন। এগুলো টুকরো টুকরো করে কেটে নিলামে বিক্রি করে পাওয়া টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।গতকাল ওই কারখানার যন্ত্রপাতি খুলে আনার আগে ভ্রাম্যমাণ আদালত আজিমপুর এতিমখানা এলাকার শাহনূর এন্টারপ্রাইজ নামের একটি কারখানায় অভিযান চালান। আদালত সেখানে প্যাকেজিং করার পলিথিন তৈরি করতে দেখে ফিরে আসেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি ভ্রাম্যমাণ আদালত লালবাগ এলাকার দুটি পলিথিন তৈরির কারখানার যন্ত্রপাতি ও কাঁচামাল বাজেয়াপ্ত করার কারণে অনেক কারখানায় নিষিদ্ধ পলিথিন ব্যাগ তৈরি বন্ধ হয়ে গেছে। অনেকে তাঁদের যন্ত্রপাতি খুলে নিয়েছে।উল্লেখ্য, গত সোমবার ভ্রাম্যমাণ আদালত ডুরি আঙ্গুর লেনের ওই পলিথিন তৈরির কারখানায় অভিযানের আগে লালবাগের ললিত মোহন দাস লেনে বাবু প্লাস্টিক কারখানায় অভিযান চালান। পলিথিন তৈরি করায় ওই কারখানার যন্ত্রপাতি ও কাঁচামাল বাজেয়াপ্ত করা হয়েছিল। বুধবার পরিবেশ অধিদপ্তরের লোকজন ললিত মোহন দাস লেনের ওই কারখানার যন্ত্রপাতির বেশির ভাগ ও অবশিষ্ট অংশ গতকাল খুলে নেন।