পলিথিন বন্ধে পরিবেশ অধিদপ্তরের ডিজির সঙ্গে বাপার বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পলিথিন ব্যাগের সব কারখানা বন্ধ করা, পলিথিনের বিরুদ্ধে থাকা আইনের কঠোর বাস্তবায়ন ও প্রচার, পলিথিনের ব্যবহার বন্ধে সরকারি কর্তৃপক্ষের নিয়মিত তদারকি জোরদার করাসহ বিভিন্ন দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। এসব দাবিতে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে সাক্ষাত্ করেছে বাপার একটি প্রতিনিধিদল। গতকাল রোববার সকালে বাপার প্রতিনিধিরা পরিবেশ অধিদপ্তরে যান। তাঁরা অধিদপ্তরের মহাপরিচালক জাফর আহমদ খানের সঙ্গে সাক্ষাত্ করে কিছু দাবি তুলে ধরেন। তাঁরা বলেন, পলিথিনের বিকল্প হিসেবে পরিবেশসম্মত ব্যাগ ব্যাপকহারে বাজারজাত এবং সিটি করপোরেশনের প্রতিটি মার্কেটে পলিথিনের বিকল্প ব্যাগের দোকান রাখার ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়ত, পলিথিন উত্পাদনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।বাপার পলিথিন ও প্লাস্টিক প্রতিরোধ সমন্বয় কমিটির আহ্বায়ক খন্দকার বজলুল হকের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন কমিটির সদস্যসচিব আলমগীর কবির, বাপার যুগ্ম সম্পাদক জাকির হোসেন ও ইকবাল হাবিব।বৈঠকে বাপার পক্ষ থেকে বলা হয়, ২০০২ সালের ১ মার্চ থেকে সরকার পলিথিন ব্যাগের উত্পাদন, বাজারজাতকরণ, ব্যবহার ও বহন নিষিদ্ধ ঘোষণা করলেও গত আট বছরে স্থায়ী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে দেশের অধিকাংশ মানুষ এখনো পলিথিন ব্যবহার করছে। পলিথিনের কারণে বুড়িগঙ্গা নদী এখন মৃতপ্রায়। সম্প্রতি এই নদী থেকে কোটি কোটি টাকা ব্যয়ে যে বর্জ্য তোলা হচ্ছে তা কেবলই পলিথিন। সরকার কার স্বার্থে পলিথিন তৈরির কারখানা বন্ধের উদ্যোগ নিচ্ছে না—সে বিষয়েও প্রশ্ন তোলেন বাপার প্রতিনিধিরা।