পলিথিন ব্যাগ বিক্রির দায়ে সাতজনকে জরিমানা
নিষিদ্ধঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রির দায়ে রাজধানীতে সাতজনকে ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পলিথিন ব্যাগ উৎপাদন, আমদানি, বাজারজাতকরণ, মজুদ, বিক্রি, প্রদর্শন, বিতরণ, বাণিজ্যিক উদ্দেশ্যে পরিবহন ও ব্যবহার রোধকল্পে গতকাল বৃহস্পতিবার পলাশী ও হাতিরপুল কাঁচাবাজারে অভিযান চালিয়ে তাঁদের এই জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালত পলাশী বাজারের আবদুর রহিম, আবদুর রহমান, মোহাম্মদ লিয়াকত, মোর্শেদ আলম ও হাবিবুর রহমানের দোকানে অভিযান চালান। নিষিদ্ধ পলিথিন ব্যাগ রাখার দায়ে আদালত তাঁদের প্রত্যেককে এক হাজার টাকা এবং মোহাম্মদ আখতারকে এক হাজার ৫০০ টাকা জরিমানা করেন। পরে হাতিরপুল বাজারের মোহাম্মদ ইলিয়াসের দোকানে পলিথিন ব্যাগ রাখার দায়ে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।পরিবেশ অধিদপ্তরের পরিচালক সুকুমার বিশ্বাস জানান, অভিযানে সাতজন পলিথিন বিক্রয়কারীকে মোট ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় প্রায় ৩০০ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন।