পলিথিন ব্যাগ বিক্রির দায়ে ১৯ ব্যবসায়ীকে জরিমানা
নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ বিক্রি ও মজুদ রাখার দায়ে গতকাল বৃহস্পতিবার রাজধানীর কচুক্ষেতে রজনীগন্ধা সুপার মার্কেটের ১৯ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত গতকাল দুপুরে রজনীগন্ধা সুপার মার্কেটে অভিযান চালিয়ে বিভিন্ন দোকান থেকে বিপুল পরিমাণ পলিথিন শপিং ব্যাগ উদ্ধার করেন। এ সময় পলিথিন ব্যাগ বিক্রি ও মজুদ রাখার অপরাধে আদালত ১৯ ব্যবসায়ীকে মোট এক লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করেন।অভিযানের সময় পলিথিন শপিং ব্যাগবিরোধী মাইকিং, প্রচারপত্র বিতরণ ও স্টিকার দোকানে দোকানে সেঁটে দেওয়া হয়। এ সময় বাজার মালিক সমিতির নেতারা পলিথিন শপিং ব্যাগ বিক্রি এবং ব্যবহার বন্ধের অঙ্গীকার করেন।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান। আদালতকে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক সুকুমার বিশ্বাসসহ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী এবং মহানগর দাঙ্গা পুলিশের একটি দল। নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ উৎপাদন, আমদানি, বাজারজাতকরণ, মজুদ, বিক্রয়, বিক্রয়ের জন্য প্রদর্শন, বিতরণ, বাণিজ্যিক উদ্দেশে পরিবহন ও ব্যবহার রোধকল্পে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলে কর্মকর্তারা জানান।