পলিথিন ব্যাগ মজুদ ও বিক্রির জন্য আট ব্যবসায়ীর জরিমানা
পরিবেশ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত গতকাল রোববার রাজধানীর গুলশান-২ ও বনানী কাঁচাবাজারে অভিযান চালান। নিষিদ্ধ পলিথিন ব্যাগ মজুদ ও বিক্রির অভিযোগে আট ব্যবসায়ীকে জরিমানা করেছেন আদালত। আদালত গুলশান-২ কাঁচাবাজারে অভিযান চালিয়ে মীম ফ্রুট অ্যান্ড প্যাকেজিং, বিছমিল্লাহ প্যাকেজিং, এশিয়া প্যাকেজিং, গুলশান প্যাকেজিং, মোল্লা প্লাস্টিক স্টোর, নেছারিয়া প্রোটিন হাউজ ও জনৈক জাহাঙ্গীরের দোকানে অভিযান চালান। পলিথিন ব্যাগ বিক্রি ও মজুদ রাখার অভিযোগে দোকানগুলোকে দুই থেকে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়। পরে আদালত বনানী কাঁচাবাজারে অভিযান চালান। সেখানকার সামসুদ্দিনের দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে উপস্থিত পরিবেশ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক সুকুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর আওতায় নিষিদ্ধ পলিথিন আটক এবং এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। দুটি বাজার থেকে আদালত ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ সময় প্রায় এক মেট্রিক টন পলিথিন ব্যাগ জব্দ করা হয়। তিনি জানান, পরিবেশ অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে। গত শনিবার রাজধানীর কাওরান বাজার ও মোহাম্মদপুর টাউন হল বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন আটক ও দায়ী ব্যবসায়ীদের জরিমানা করা হয়।