পলিথিন ব্যাগ মজুদ রাখায় কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ পলিথিন ব্যাগ মজুদ রাখায় ভ্রাম্যমাণ আদালত গতকাল মঙ্গলবার রাজধানীর মিরপুরে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন। এ সময় বিপুল পরিমাণ পলিথিন ব্যাগ জব্দ করা হয়।আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত গতকাল মিরপুর-১০ নম্বর সেকশনের ফকিরবাড়ী এলাকার নাসির ও নজরুল ইসলামের গুদাম ঘরে অভিযান চালান। সেখান থেকে প্রায় সাড়ে চার টন নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করা হয়। পলিথিন ব্যাগ মজুদ রাখায় ভ্রাম্যমাণ আদালত গুদামের মালিক নাসির ও নজরুল ইসলামকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে দুজনকে ১০ হাজার টাকা করে জরিমানা করেন।এরপর ভ্রাম্যমাণ আদালত একই এলাকার ইমাম প্লাজার কাওসার জেনারেল স্টোরে অভিযান চালান। সেখানে পলিথিন শপিং ব্যাগ দেখতে পাওয়ায় আদালত প্রতিষ্ঠানের মালিক কাওসার আলমকে ১০ হাজার টাকা জরিমানা করেন। পরিবেশ অধিদপ্তর ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক সুকুমার বিশ্বাস ও অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিবেশ অধিদপ্তর, মহানগর দাঙ্গা পুলিশের একটি দল উপস্থিত থেকে আদালতকে সহায়তা করেন।পরিবেশ অধিদপ্তরের ঢাকা বিভাগের পরিচালক সুকুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা খবর পান মিরপুর-১০ নম্বর এলাকায় দুটি গুদামে বিপুল পরিমাণ পলিথিন ব্যাগ মজুদ আছে। ওই গুদাম থেকে অল্প অল্প করে নিষিদ্ধ পলিথিন ব্যাগ বের করে দোকানে বিক্রি করা হয়। ওই সংবাদের ভিত্তিতে গতকাল সেখানে অভিযান চালানো হয়। নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ উৎপাদন, আমদানি, বাজারজাতকরণ, মজুদ, বিক্রয়, বিক্রয়ের জন্য প্রদর্শন, বিতরণ, বাণিজ্যিক উদ্দেশ্যে পরিবহন ও ব্যবহার রোধকল্পে পরিবেশ অধিদপ্তরের এ অভিযান অব্যাহত থাকবে।