পলিথিন ব্যাগ মজুদ রাখায় পাঁচ লাখ ৪০ হাজার টাকা জরিমানা
নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ বিক্রি ও মজুদ রাখায় রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজারের ব্যবসায়ীদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত সূত্রে জানা গেছে, গতকাল বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজারে অভিযান চালান। পলিথিন শপিং ব্যাগ বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখায় ওই বাজারের ২৭ জন ব্যবসায়ীকে পাঁচ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় পলিথিন শপিং ব্যাগবিরোধী মাইকিং এবং দোকানে দোকানে স্টিকার সেঁটে দেওয়া হয়। টাউন হল কাঁচাবাজার মালিক সমিতির নেতারা আদালতের কাছে পলিথিন শপিং ব্যাগ বিপণন এবং ব্যবহার বন্ধের অঙ্গীকার করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান। এ সময় ঢাকা বিভাগীয় কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক সুকুমার বিশ্বাস উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তর, র্যাব-২-এর একটি দল এবং মহানগর দাঙ্গা পুলিশের একটি দল অভিযানে সহায়তা করে।নিষিদ্ধঘোষিত পলিথিন শপিং ব্যাগ উৎপাদন, আমদানি, বাজারজাতকরণ, মজুদ, বিক্রয়, বিক্রয়ের জন্য প্রদর্শন, বিতরণ, বাণিজ্যিক উদ্দেশ্যে পরিবহন ও ব্যবহার রোধকল্পে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে।