পলিথিন ব্যাগ রাখায় কারওয়ান বাজারে তিনজনকে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধঘোষিত পলিথিন ব্যাগ উৎপাদন, বাজারজাত, মজুদ, বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার ও বিক্রির দায়ে রাজধানীর কারওয়ান বাজারের তিন ব্যবসায়ীকে কারাদণ্ড, চারজনকে ৩১ হাজার টাকা জরিমানা এবং একটি দোকান সিলগালা করেছেন পরিবেশ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।গতকাল বুধবার সকালে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন। এ সময় বিভিন্ন দোকান থেকে প্রায় এক টন পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।নিষিদ্ধ পলিথিন ব্যাগ পাওয়ায় আদালত কারওয়ান বাজারের কাঁচা বাজারের রাজ্জাক অ্যান্ড সানি প্যাকেজিংয়ের আবদুর রাজ্জাক ও বিছমিল্লাহ স্টোরের কাইয়ুমকে ১৫ দিন এবং বাজারের দক্ষিণ পাশের ১১ নম্বর দোকানের বাচ্চু মিয়াকে ৩০ দিনের কারাদণ্ডাদেশ দেন। এ ছাড়া সোহাগ স্টোরের শাহজালালকে এক হাজার এবং জান্নাত স্টোরের মামুন, কাঁচা বাজারের ১৩৫ নম্বর দোকানের মাসুদ ও জাকির ট্রেডার্সের জাকিরকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।জাকির ট্রেডার্স থেকে বিপুল পরিমাণ পলিথিন ব্যাগ জব্দ করে আদালত দোকানটি সিলগালা করে দেন। অভিযানের সময় বিভিন্ন দোকানে পলিথিন ব্যাগ-বিরোধী প্রচারপত্র বিতরণ ও স্টিকার সেঁটে দেওয়া হয়।পরিবেশ অধিদপ্তর ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক সুকুমার বিশ্বাস বলেন, কারওয়ান বাজারে একাধিকবার অভিযান চালানো হয়েছে। কিন্তু অনেক প্রতিষ্ঠানে প্রতিবার অভিযানের সময় পলিথিন ব্যাগ পাওয়া গেছে। এ কারণে তিনটি প্রতিষ্ঠানের মালিককে কারাদণ্ড দেওয়া হয়েছে। নিষিদ্ধ পলিথিন ব্যাগ-সংক্রান্ত ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রনি চাকমা। এ সময় মহানগর দাঙ্গা পুলিশ ও র‌্যাব-২-এর একটি দল এবং অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা সহযোগিতা করেন।