পলিথিন ব্যাগ রাখায় কয়েকজন ব্যবসায়ীর কারা ও অর্থদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ পলিথিন ব্যাগ রাখার অপরাধে রাজধানীর কয়েকটি বাজারের বেশ কয়েকজন ব্যবসায়ীকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে দুই ব্যবসায়ীকে কয়েক দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।গতকাল দুপুরে ভ্রাম্যমাণ আদালত কারওয়ান বাজার কিচেন মার্কেটের ‘জনপ্রিয় স্টোরে’ অভিযান চালান। নিষিদ্ধ পলিথিন মজুদ রাখার দায়ে দোকানটির মালিক ইউসুফকে সাত দিনের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত। এ ছাড়া ‘সজীব এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানে পলিথিন ব্যাগ মজুদ পেলে এর মালিক আবদুর রাজ্জাককে তিন দিনের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।পরে আদালত একই বাজারের আরও দুটি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পলিথিন ব্যাগ পাওয়ায় দোকান-মালিকদের পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন। ১৫ এপ্রিলও একই অপরাধে কারওয়ান বাজারের ১৯ জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছিল।আদালত এরপর রাজধানীর মহাখালীতে সিটি করপোরেশন মার্কেট এবং বনানীর কাঁচাবাজারের বেশ কয়েকটি দোকানে পলিথিন ব্যাগ পাওয়ায় দোকান-মালিকদের বিভিন্ন অঙ্কের জরিমানা করেন।পরিবেশদূষণ রোধ করতে বেশ কয়েক বছর আগে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করার পর, কিছুদিন এ ব্যাগ বাজারে ছিল না। কিন্তু এরপরই ভিন্ন চেহারায় তা ফিরে আসে। হাতল ছাড়া পলিথিনের বিভিন্ন আকারের ঠোঙায় বর্তমানে বাজার ছেয়ে গেছে।ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবা বিলকিস প্রথম আলোকে বলেন, পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী, নিষিদ্ধ পলিথিন ব্যাগ মজুদ ও বিক্রয়ের অভিযোগে ব্যবসায়ীদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।পরিবেশ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক সুকুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, মহাখালীতে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান চলাকালে সমিতির নেতারা তাঁদের মার্কেটে আর পলিথিন ব্যাগ ব্যবহার হবে না বলে আদালতের কাছে অঙ্গীকার করেন। এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।