পলিথিন ব্যাগবিরোধী অভিযানে পরিবেশবান্ধব শপিং ব্যাগ বিতরণ
রাজধানীর বাজার থেকে নিষিদ্ধঘোষিত পলিথিন শপিং ব্যাগবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় স্বল্প মূল্যে পরিবেশবান্ধব শপিং ব্যাগ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর শেওড়াপাড়ায় অভিযান চালিয়ে আদালত বিভিন্ন ব্যবসায়ীকে জরিমানা করেছেন। গতকাল দুপুরে আদালত শেওড়াপাড়ার অলি মিয়া মার্কেটে অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত পলিথিন ব্যাগ আমদানি, বাজারজাতকরণ, মজুদ, বিক্রি, বিক্রির জন্য প্রদর্শন, বিতরণ, বাণিজ্যিক উদ্দেশে পরিবহন ও ব্যবহারের কারণে ২৭ ব্যবসায়ীকে এক লাখ দুই হাজার টাকা জরিমানা করেছেন। অভিযানের সময় বিপুল পরিমাণ পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে। এ সময় পলিথিন ব্যাগবিরোধী মাইকিং এবং সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ ও স্টিকার দোকানে দোকানে সেঁটে দেওয়া হয়। পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অধীন জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার স্বল্প মূল্যের পরিবেশবান্ধব শপিং ব্যাগ বিতরণ করে। এ সময় অলি মিয়া বাজার মালিক সমিতির নেতারা পলিথিন শপিং ব্যাগ বিপণন ও ব্যবহার বন্ধের অঙ্গীকার করেন।পরিবেশ অধিদপ্তরের পরিচালক সুকুমার বিশ্বাস প্রথম আলোকে বাজার থেকে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ নির্মূলে অভিযানের সময় জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার স্বল্প মূল্যে পাটের তৈরি ব্যাগ সরবরাহ করে। একটি ব্যাগ তৈরিতে ১৬ টাকা খরচ হয়েছে। অথচ অভিযানের সময় ক্রেতাদের মাত্র ১০ টাকায় সরবরাহ করা হয়। এখন থেকে প্রতিটি অভিযানের সময় পাটের তৈরি ব্যাগ সঙ্গে নেওয়া হবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান। এ সময় পরিবেশ অধিদপ্তর ও মহানগর দাঙ্গা পুলিশের একটি দল উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করে।