পলিথিন রাখায় ২৩ ব্যবসায়ীকে জরিমানা
পরিবেশ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত রাজধানীর তিনটি বাজারে অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিন ব্যাগ বিক্রি ও মজুদ রাখার দায়ে ২৩ ব্যবসায়ীকে জরিমানা করেছেন। তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ পলিথিন ব্যাগ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত মোহাম্মদপুর টাউন হল বাজারে অভিযান চালান। পলিথিন ব্যাগ রাখার অপরাধে ওই বাজারের ইকবাল ভ্যারাইটিজ স্টোরের মালিক নাসিরকে তিন হাজার টাকা এবং মাংস ব্যবসায়ী দিলু, হেদায়েতুল ইসলাম, আশরাফ, আজিজ দেওয়ান, সাধারণ ব্যবসায়ী দেলোয়ার হোসেন, জুয়েল ও সবুজকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া মুদি ব্যবসায়ী সোলায়মান, বাদশা মিয়া ও বাবুল হোসেনকে পাঁচ হাজার টাকা করে এবং কাঁচামাল ব্যবসায়ী সোহেলকে ৫০০ টাকা জরিমানা করা হয়। পরে আদালত নিউমার্কেটে অভিযান চালান। ওই বাজারেও ছয় ব্যবসায়ীকে বিভিন্ন অংকের টাকা জরিমানা করা হয়।আদালত পরে হাতিরপুল বাজারে অভিযান চালান। আদালত সেখনাকার পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করেন। পরিবেশ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক সুকুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, মোহাম্মদপুর টাউন হল মার্কেট সমিতির নেতারা তাঁদের মার্কেটে আর পলিথিন ব্যাগ বিক্রি হবে না বলে অঙ্গীকার করেছেন। নিউমার্কেটের অধিকাংশ দোকানে পলিথিন পাওয়া যায়নি। সেখানকার ব্যবসায়ীরা বলেছেন, পলিথিন ব্যাগ বিক্রি না করতে সমিতির পক্ষ থেকে বাজারে মাইকিং করা হয়েছে। হাতিরপুল বাজারের ব্যবসায়ীরাও পলিথিন ব্যাগ রাখবেন না বলে অঙ্গীকার করেন। ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবা বিলকিসের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।