পলিথিনবিরোধী অভিযান জোরদার করতে পরিবেশ প্রতিমন্ত্রীর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ পরিবেশ সুরক্ষায় পলিথিন শপিং ব্যাগবিরোধী অভিযান আরও জোরদার করতে পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন। গতকাল মঙ্গলবার সচিবালয়ে তাঁর দপ্তরে দেখা করতে এলে প্রতিমন্ত্রী অধিদপ্তরের মহাপরিচালককে এই নির্দেশ দেন।গত সোমবার বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরাম আয়োজিত আলোচনা সভায় বক্তারা পলিথিনের উৎপাদন, বিক্রয় ও ব্যবহার বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন এবং এ-সংক্রান্ত খবর মঙ্গলবার বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশ হয়। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সারা দেশে পলিথিনবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। দেশে পলিথিনের কারণে পরিবেশ দূষণ রোধকল্পে পরিবেশ অধিদপ্তর এই অভিযান অব্যাহত রেখেছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত পাঁচ বছরে দেশে পলিথিনবিরোধী অভিযান হয়েছিল মাত্র ৭৫ দিন। আর জরিমানা আদায় হয়েছিল মাত্র ১০ লাখ টাকা। সে ক্ষেত্রে বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১১ সালের জুলাই পর্যন্ত পলিথিনবিরোধী অভিযান পরিচালিত হয়েছে ২২১ দিন। এই সময়ে প্রায় ৭৪ লাখ টাকা জরিমানা আদায় হয়েছে। জব্দ হয়েছে এক লাখ ৩৬ হাজার ৫৮৭ কেজি পলিথিন। অভিযান আরও জোরদার করতে পরিবেশ প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দিয়েছেন।